২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ ফেব্রুয়ারি তৃতীয় ঢাকা আন্তজার্তিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী শুরু

আগামি ৮ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী তৃতীয় ঢাকা আন্তজার্তিক টেক্সটাইল এবং গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী শুরু হচ্ছে। এ মেলার মাধ্যমে বস্ত্রখাতের বিভিন্ন যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শণ এবং ব্যবসার নতুন সুযোগ বাড়ানোর প্রচেষ্টা নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোশিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে সোমবার সংগঠনের সভাপতি এমএ আওয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেওয়ার সময়ে বলেন, প্রদর্শনীটি একটি আদর্শ প্লাটফরম, যেখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ের উদ্দেশ্য সফল হবে। এ সময়ে উপস্থিত ছিলেন বিটিএমএ’র সহসভাপতি দিদার এ হোসেন, ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক চং চং টিক এবং ইয়র্কস ট্রেড অ্যান্ড মাকেন্টিং সার্ভিস কোম্পানি’র ব্যবস্থাপক টাইগার লিন।

চীন বাংলাদেশ মৈত্রী সমেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ মেলার উদ্ভোধন করবেন বস্ত্র ও পাটমন্ত্রী শাহজাহান সিরাজ। বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ইয়র্কস ট্রেড অ্যান্ড মার্কেন্টিং সার্ভিস কোম্পানি যৌথভাবে মেলার ব্যবস্থাপনার দ্বায়িত্ব পালন করবে।

বস্ত্রখাতের বিভিন্ন শ্রেণীর যন্ত্রপাতি ও মেশিন, বিশেষ করে টেক্সটাইল থেকে গার্মেন্টস, অ্যামব্রোয়ডারি থেকে নিট মেশিন এবং প্রক্রিয়াজাতকরণ মেশিনারিজ এবং অ্যাক্সেসরিজ এ মেলার প্রদর্শণ করা হবে।

আওয়াল বলেন, বস্ত্র শিল্পের উন্নতদেশগুলো এ মেলায় অংশ নিচ্ছে। এর মাধ্যমে উন্নতদেশগুলোর শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আমাদের শিল্পমালিকদের সরাসরি যোগাযোগ ঘটবে।

তিনি বলেন, এবারে মেলায় গতবারের মেলা থেকে দ্বিগুণের বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ফলে স্থান সংকট দেখা দিয়েছে।

আগামী বছরে এ সমস্যা এড়াতে নতুন স্থানে প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান তিনি।

বিশ্বের ২২টি দেশের ২৩৬টি প্রতিষ্ঠান ৫০০টি স্টলে নতুন যন্ত্রপাতি ও মেশিনারির প্রদর্শনের মাধ্যমে এ মেলায় অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ফ্রান্স, স্পেন, মালেশিয়া ও জার্মানি।

প্রতিদিন দুপুর ১২ থেকে রাত আটটা পর্যন্তপ্রদর্শনী খোলা থাকবে এবং মেলায় কোন প্রবেশ মূল্য থাকবে না।