২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগস্টের মধ্যে রূপালী ব্যাংকের ৬৭ শতাংশ শেয়ার বেসরকারি খাতে

চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে রাষ্ট্রায়াত্ত রূপালী ব্যাংক লিমিটেডের ৬৭ শতাংশ শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্যে সরকার যোগ্য ক্রেতা খুঁজছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 10:33 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) পরামর্শে ইতোমধ্যেই ব্যাংকটির চার শতাংশ শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে।

সূত্র জানায়, প্রাইভেটাইজেশন কমিশন ভারত, মালয়েশিয়া, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য ক্রেতার একটি তালিকা তৈরি করছে।

এছাড়াও রূপালী ব্যাংক বেসরকারিকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি তিন দফা কৌশল হাতে নিয়েছে কমিশন।

ব্রিটিশ কনসাল্টিং ফার্ম জিবিআরডব্লিউ লিমিটেডের সাথে প্রথম বৈঠক শেষে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, চলতি বছরের ৩১ আগস্টের নির্ধারিত সময়সীমার মধ্যেই আমরা রূপালী ব্যাংক বেসরকারিকরণ প্রক্রিয়া শেষ করতে চাই।

তিনি বলেন, এ ব্যাংকটি বেসরকারিকরণের সম্ভাব্য পথ নিয়ে প্রাইভেটাইজেশন কমিশন জিবিআরডব্লিউ’র সাথে আলোচনা করেছে।

এর আগে হাই-কোর্টের একটি স্থগিতাদেশের প্রেক্ষিতে ব্রিটিশ কনসাল্টিং ফার্ম জিবিআরডব্লিউ’র রূপালী ব্যাংক বেসরকারিকরণ সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখা হয়।