২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দিষ্ট ইউটিলিটি ট্যারিফ গ্যারান্টি চেয়েছে পাকিস্তানের টেক্সটাইল মিল মালিকরা

বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের জন্যে পাকিস্তানের টেক্সটাইল মিল মালিকরা নির্ধারিত ইউটিলিটি ট্যারিফ গ্যারান্টি প্রদানের আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

অল পাকিস্তান টেক্সটাইল প্রসেসিং মিলস অ্যাসোসিয়েশনের (এপিটিপিএমএ) সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ সফররত প্রতিনিধি দলের সদস্য এম জুবায়ের মোতিওয়ালা রোববার রাজধানীর এক হোটেলে আয়োজিত সেমিনারে বলেন, বাংলাদেশে ইউটিলিটি ট্যারিফ ও শ্রমের মজুরি পাকিস্তানের তুলনায় অনেক কম। নির্ধারিত দামে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের মত ইউটিলিটি সুবিধার প্রদানের ব্যাপারে গ্যারান্টি দেওয়া হলে আমরা বাংলাদেশে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করতে পারি।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে টেক্সটাইল খাতে কৌশলগত সহযোগিতা’- শীর্ষক সেমিনারটি আয়োজন করে। সেমিনারে বিটিএমএ’র চেয়ারম্যান এমএ আওয়াল সভাপতিত্ব করেন।

এম জুবায়ের বলেন, কিছুদিন পর যদি ইউটিলিটি বিল বৃদ্ধি করা হয়, তাহলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদের জন্যে বিষয়টি লাভজনক হবে না।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছ থেকে ওই ধরনের গ্যারান্টি পাওয়ার কথা উল্লেখ করে এম জুবায়ের বলেন, ইউএই সরকার বিদেশী বিনিয়োগকারীদের জন্যে ওই ধরনের প্যাকেজ দিয়ে থাকে।

তিনি বলেন, বাংলাদেশে কাঁচামালের ক্ষেত্রে বিশাল ফারাক রয়েছে। যৌথ বিনিয়োগ অথবা এককভাবে শতভাগ বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের শিল্প খাতের একটি অংশ এখানে পুনঃস্থাপন করতে পারি।

এপিটিপিএমএ’র চেয়ারম্যান ও প্রতিনিধি দলের নেতা আরশাদ আব্দুল্লাহ ভোরা বলেন, টেক্সটাইল যন্ত্রপাতি ও রাসায়নিকের ক্ষেত্রে যৌথ বিনিয়োগ হতে পারে। এই খাতের মানব সম্পদ উন্নয়ন ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্যে আমরা সহযোগিতা করতে পারি।

দেশের প্রয়োজন মেটাতে সুতা ও তন্তুর চাহিদার তুলনায় ঘাটতির কথা উল্লেখ করে এসময় বাংলাদেশের পাট ও বস্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজ বলেন, আসন্ন বছরগুলোতে চাহিদা পূরণ করতে বেশ কিছু মিল স্থাপন করা প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগের মাধ্যমে পাকিস্তানের আগ্রহী বিনিয়োগকারী লাভবান হতে পারে।

বিটিএমএ চেয়ারম্যান এমএ আওয়াল বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ অনুকূল সুযোগ-সুবিধা দিয়ে থাকে।

তিনি বলেন, জিএসপি সুবিধার আওতায় ইউরোপীয় ইউনিয়নের বাজারে স্থানীয় টেক্সটাইল খাত অগ্রাধিকার বাণিজ্যিক সুবিধা ভোগ করছে।

তিনি আরো বলেন, তুলা ও সিনথেটিক সুতা এবং তন্তু প্রস্তুতের ক্ষেত্রে সহযোগিতা প্রদানের মাধ্যমে পাকিস্তানি বিনিয়োগকারীরা লাভবান হতে পারে।