যৌথ বিনিয়োগের সুবিধা লাভের জন্যে বাংলাদেশ-পাকিস্তান তাঁতশিল্প ব্যবসায়ীদের ঐকমত্য
বাংলাদেশ ও পাকিস্তানী তাঁত শিল্প ব্যবসায়ীরা শনিবার যৌথ বিনিয়োগে বস্ত্র শিল্প স্থাপনের মাধ্যমে তাদের সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।
‘আমাদের তুলা ও যন্ত্রপাতি নেই, কিন্তু আপনাদের তা আছে। অন্যদিকে গুণগত মানসম্পন্ন টেক্সাটাইল দ্রব্য উৎপাদনের জন্যে প্রয়োজনীয় জনশক্তি ও দক্ষতা আমাদের রয়েছে।
পাকিস্তানের বস্ত্র উৎপাদনকারী একটি প্রতিনিধি দল শনিবার বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি আব্দুল আওয়ালের সাথে দেখা করতে এলে তিনি একথা বলেন।
পাকিস্তান টেক্সটাইল প্রসেসিং মিলস অ্যাসোসিয়েশন (এপিটিপিএমএ) সভাপতি ড. আরশাদ এ ভোরা বলেন, যৌথ বিনিয়োগের পূর্বে দেশ দুটির পরস্পরের মধ্যে রপ্তানিযোগ্য বস্ত্র পণ্যের তালিকা চিহ্নিত করা প্রয়োজন।
বিটিএমএ সম্মেলন কক্ষে অয়োজিত আলোচনা সভায় বিটিএমএ ও এপিটিপিএমএ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. আরশাদ বলেন, আমাদের এখনই আলাপ আলোচনা শুরু করতে হবে এবং সঠিক বিনিয়োগ ক্ষেত্র অনুসন্ধান করার এটিই উপযুক্ত সময়।
তিনি আরো বলেন, বাংলাদেশের ব্যাবসায়ীদের কাছ থেকে উপযুক্ত যৌথ বিনিয়োগ প্রস্তাব পাওয়ার জন্যে তারা অপেক্ষা করছেন।
বিটিএমএ আয়োজিত ‘বাংলাদেশ ও পাকিস্তানের বস্ত্রখাতে কৌশলগত সহযোগিতা’ শীর্ষক একটি সেমিনারেও এপিটিপিএমএ প্রতিনিধি দল অংশগ্রহণ করে। বস্ত্রমন্ত্রী ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সেমিনারে উপস্থিত ছিলেন।
পাকিস্তানী প্রতিনিধি দলটি অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও এফবিসিসিআই নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করেন।
