দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি, সরাসরি নৌ যোগাযোগ চালুর আহ্বান জানিয়েছেন পাকিস্তানি ব্যবসায়ীরা
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য আরও বৃদ্ধি করতে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং দু’দেশের মধ্যে সরাসরি নৌ যোগাযোগ চালুর আহ্বান জানিয়েছে সফররত পাকিস্তানি টেক্সটাইল প্রতিনিধিদল।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাথে শনিবার এক বৈঠক শেষে অল পাকিস্তান টেক্সটাইল প্রসেসিং মিলস অ্যাসোসিয়েশনের (এপিটিপিএমএ) সভাপতি ড. আরশাদ এ ভোহরা বিডিনিউজের সঙ্গে একান্ত সাক্ষাতকারে বলেন, ‘এ দু’টি ইস্যুতে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি’।
তিনি বলেন, দু’দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা তৈরি ও জোরদারকরণে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি ও সরাসরি নৌ যোগাযোগ স্থাপনের বিষয়টি উভয় দেশের সরকারের বিবেচনা করা উচিত।
বাংলাদেশে যৌথ উদ্যোগে টেক্সটাইল কারখানা স্থাপনের উপায় খুঁজে বের করতে ১৮ সদস্যের এ পাকিস্তানি টেক্সটাইল প্রতিনিধিদলটি শনিবার ঢাকা এসে পৌঁছায়।
এপিটিপিএমএ সভাপতি বলেন, বাংলাদেশী টেক্সটাইল প্রতিনিধিদলের সাথে বেশ কয়েকটি বৈঠকের পাশাপাশি অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গেও তাদের দেখা করার কথা রয়েছে।
আরশাদ ভোহরা বলেন, দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে এ দু’টি মুসলিম দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাবে।
তিনি বলেন, পাকিস্তানের বাজারে বাংলাদেশী পণ্য বিশেষ করে টেক্সটাইল, শাড়ি ও শাক সবজির ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনও পক্ষই মনোযোগ না দেওয়ায় দু’দেশই এসব সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বিডিনিউজকে বলেন, টেক্সটাইল পণ্য তৈরিতে বাংলাদেশ বেশ দক্ষতা অর্জন করেছে। তবে সুতার ক্ষেত্রে পাকিস্তান এগিয়ে রয়েছে। তাই এ খাতে সহযোগিতার মাধ্যমে উভয় দেশ পারস্পরিকভাবে লাভবান হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের টেক্সটাইল খাতে যৌথ উদ্যোগে বিনিয়োগের ব্যাপারে ভোহরা বলেন, আমরা কেবল আলোচনা শুরু করেছি। বিনিয়োগের জন্যে আরও আলোচনা দরকার।
তবে তিনি বলেন, তাদের দু’জন প্রতিনিধি এখানে যৌথ উদ্যোগে টেক্সটাইল কারখানা স্থাপনের ব্যাপারে ইতোমধ্যেই বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে প্রস্তাব রেখেছেন।
এপিটিপিএমএ সভাপতি বলেন, শক্তিশালী আঞ্চলিক অর্থনীতির জন্যে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সার্ক নেতৃবৃন্দ ইতোমধ্যে এ চুক্তি স্বাক্ষর করলেও কিছু রাজনৈতিক বিষয় এটি বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে।
