বহুমূখী কৌশল ও কার্যকর নীতি গ্রহণের মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং সামগ্রীর রপ্তানি বাড়ানো সম্ভব
বহুমূখী কৌশল ও কার্যকর নীতি গ্রহণের মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং দ্রব্য রপ্তানি বাড়ানো সম্ভব। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) আয়োজিত ”লাইট ইঞ্জিনিয়ারিং দ্রব্যের আন্তর্জাতিক বাণিজ্য” শীর্ষক এক সেমিনারে শুক্রবার বক্তারা এ কথা বলেছেন।
সেমিনারে অংশগ্রহণকারী উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা বলেন, বাজারভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া যেমন কারিগরি তথ্য সেবা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, যৌথ বিনিয়োগ, সাবকন্ট্রাটিং, উৎপাদন অংশীদারীত্ব এবং বিশেষজ্ঞ সহায়তা প্রদানের মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের স্থানীয় ও রপ্তানি বাজার সম্প্রসারণ সম্ভব।
উদ্যোক্তরা আন্তর্জাতিক আর্থিক সহায়তা, সহায়তামূলক অবকাঠামো সৃষ্টি, বাজার সম্পর্কিত তথ্য প্রাপ্তি, গবেষণা ও উন্নয়নসহ সহায়তাকারী প্রতিষ্ঠানের দাবী করেন।
ইপিবি ভাইস প্রেসিডেন্ট মীর শাহবুদ্দিন আহমেদ, ডিজি মোস্তফা মহিউদ্দ্নি, বিপিসি সমন্বয়ক গোলাম হোসেন এবং জনতা মেশিন লি. এর ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক বক্তব্য রাখেন।
ইনিস্টিটিউট অব অ্যাপ্রপ্রিয়েট টেকনোলজির অধ্যাপক কামাল উদ্দিন এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মীর শাহবুদ্দিন বলেন, লাইট ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোক্তারা চাইলে আন্তর্জাতিক সেমিনার এবং শিল্প মেলায় অংশগ্রহণে ইপিবি সহায়তা করতে আগ্রহী।
তিনি বলেন, গত অর্থবছরের বাইসাইকেলসহ ইঞ্জিনিয়ারিং দ্রব্যের রপ্তানির পরিমান ছিল ১২৬ মিলিয়ন ডলার।
কামাল উদ্দিন বলেন, স্থিতিশীল প্রতিযোগীতাপূর্ণ এ শিল্প গড়ে তুলতে কার্যকর নীতি এবং কৌশল প্রয়োগ করা উচিত।
তিনি বলেন, উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যে প্রতিযোগীতার সম্মূখীন হচ্ছে তার সম্পর্কে অবগত থাকতে হবে।
বাইসাইকেল, আয়রণ চেইন, মটর পাটস এবং মেশিনারি বাংলাদেশের প্রধান ইনিঞ্জিনিয়ারিং রপ্তানি দ্রব্য।
