২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শনিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ক্যাফএক্সপো

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তারিকারক সমিতির (বিজিএমইএ) আয়োজনে চট্টগ্রামের সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চিটাগং অ্যাপারেল, ফ্যাব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ এক্সপোজিশন (ক্যাফএক্সপো)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 08:37 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ক্যাফএক্সপো উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়িন।

চট্টগ্রামের তৈরি পোশাক প্রস্তুতকারক ও বিদেশি ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে বন্দরনগরীতে এ নিয়ে চতুর্থবারের মতো এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তৈরি পোশাক খাতে দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ রপ্তানি হয় চট্টগ্রাম থেকে।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা অর্জনে ব্যর্থতা এবং পরবর্তীতে বিশ্ব বাণিজ্য সংস্থার হংকং ঘোষণায় এ ব্যাপারে কোনও নিশ্চয়তা না পাওয়ায় দেশের তৈরি পোশাক শিল্প তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে। এ অবস্থায় রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে ক্যাফএক্সপো ভূমিকা রাখবে বলে বিজিএমইএ নেতারা আশা প্রকাশ করেন।

প্রদর্শনীর শেষদিন ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে ‘হংকংয়ে ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের সম্মেলন: আমাদের পরিকল্পনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর সেমিনারে বক্তব্য রাখবেন। সেমিনার পরিচালনা করবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

বিজিএমইএ নেতা খলিলুর রহমান, এমএ সালাম মোরশেদী, এসএম নূরুল হক এবং এরশাদুল্লাহ সেমিনারে বক্তব্য রাখবেন।