দক্ষিণ এশিয়া থেকে অদক্ষ রেস্তোরাঁ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করবে যুক্তরাজ্য
ব্রিটিশ সরকার অভিবাসন ও আশ্রায়ন বিলের ক্ষেত্রে নতুন পাঁচ বছর মেয়াদি কৌশলের আওতায় ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে অদক্ষ এবং স্বল্পদক্ষ শ্রমিক এনে খাদ্যব্যবসা পরিচালনায় নিয়ন্ত্রণ আরোপ করছে।
ব্রিটেনের অভ্যন্তরীণ বিষয়ক কর্তৃপক্ষ জানায়, বিলটি বর্তমানে সংসদে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। ওই দফতরের দুইজন কর্মকর্তা বিডিনিউজ’কে জানান, ব্রিটেনে ভারতের রেস্তোরাঁ ব্যবসায় শ্রমিক সংকটের বিষয়টি তারা ভালোভাবেই ওয়াকিফহাল রয়েছেন।
তারা বলেন, এ ক্ষেত্রে নিয়োগকর্তাদের ব্রিটেন বা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে থেকে স্বল্পদক্ষ শ্রমিক খুঁজে বের করে নিয়োগ দিতে হবে। তবে দক্ষ শেফরা স্বাভাভিক পদ্ধতিতেই কাজ পেতে পারবেন।
তারা জানান, ব্রিটিশ সরকার ইইউ’র বাইরে থেকে স্বল্প মেয়াদে শ্রমিক নিয়োগ প্রকল্পটি অবসানের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। সরকার মনে করে স্বল্পদক্ষ শ্রমিকের চাহিদা স্থানীয় ইউরোপীয় ইউনিয়নের শ্রমবাজার থেকেই পূরণ করা সম্ভব।
নতুন বিলে অভিবাসনের ক্ষেত্রে একটি পয়েন্টভিত্তিক পদ্ধতি প্রয়োগের কথাও বলা হয়েছে। অভ্যন্তরীণ কর্তৃপক্ষ মনে করে এর ফলে শ্রমিক নিয়োগের ভিসা প্রদানের ক্ষেত্রে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ হবে।
অভ্যন্তরীণ কর্তৃপক্ষের অভিবাসন ডেস্ক এর প্রেস অফিসার মামফোর্ড নাথানিয়েল বিডিনিউজকে বলেন, পয়েন্টভিত্তিক এই নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। তবে সংক্ষেপে বলা যায়, আমরা স্বল্প মেয়াদে শ্রমিক নিয়োগ পকল্প বাতিল করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ কারণ আমরা মনে করি স্বল্পদক্ষ শ্রমিকের চাহিদা স্থানীয় ইউরোপীয় ইউনিয়নের শ্রমবাজার থেকেই পূরণ করা সম্ভব।
ব্রিটিশ অভ্যন্তরীণ কর্তৃপক্ষের অপর এক মুখপাত্র ম্যাকলিওড অ্যালিসন বলেন, অভিবাসনের মাধ্যমে যারা ব্রিটেনে আসতে চায় তারা চাইলে অনলাইনে আগাম তাদের যোগ্যতা যাচাই করতে পারবে। সেজন্য একটি নির্দিষ্ট পর্যায়ের পয়েন্ট পেতে হবে এবং স্কোরের মাধ্যমে তাদের সাফল্যের প্রমাণ রাখতে হবে। এতে করে আবেদন ও নিয়োগ প্রক্রিয়ায় উন্নয়ন ঘটবে।
ব্রিটেনে আসার ক্ষেত্রে পয়েন্টভিত্তিক এ নিয়ম মূলত ছাত্র, দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক, উচ্চ মাত্রার দক্ষ শ্রমিক এবং অন্যান্য এ কয়টি ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ব্রিটেনে ১২ হাজার বাংলাদেশী রেস্তোরাঁ রয়েছে। বাংলাদেশী রেস্তোরাঁ মালিকরা অভিবাসন আইনের নতুন নিয়মের সমালোচনা করে বলেছেন, এ নিয়মের ফলে ব্রিটেনে ভারতীয় বাজারে ধস নামবে।
নাথানিয়েল বলেন, আমরা বুঝতে পেরেছি, খাদ্য পরিবেশন ব্যবসার জন্য একটি দক্ষতার পাশাপাশি সংস্কৃতি ও জাতি সম্পর্কে ধারণা থাকতে হয়। এ আইনের ফলে আমরা আরও দক্ষ কর্মী সংগ্রহে জোর দিতে পারব।
নাথানিয়েল বিডিনিউজকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকে কম দক্ষ শ্রমিক প্রবেশের অনুমতি অব্যাহত রাখলে একটি নির্দিষ্ট ভাষায় দক্ষ শ্রমিকদের ওপর নির্ভরশীলতা বাড়বে এবং এ খাতটিতে তাদের অধিকার স্থায়ী রূপ নেবে।
নাথানিয়েলের মতে, এতে কেবল সমস্যাই বাড়বে। তাই এ খাতের একতরফা আধিপত্যের বিষয়টি ভেঙ্গে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং স্থানীয় শ্রমিকদেরও এ খাতে আগ্রহী করে তোলার চেষ্টা করা হচ্ছে। পরিসংখ্যান থেকে দেখা গেছে, যারা এ পেশায় দক্ষ এবং নির্দিষ্ট সংস্কৃতি সম্পর্কে সচেতন তারাই ওয়ার্ক পারমিট স্কিমের আওতায় কাজের অনুমতি পেয়ে আসছে এবং গত দুই বছরে বাংলাদেশ থেকে এ ধরনের দুই হাজার শ্রমিক ইংল্যান্ডে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।
ম্যাকলিওড এলিসন বলেন, সরকার ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা ঘোষণা করেছে, যেখানে পয়েন্টভিত্তিক নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংযুক্ত করা হয়েছে। এ ব্যপারে সরকার একটি পরামর্শ সেবার ব্যবস্থা গ্রহণ করে এবং সেটি ৭ নভেম্বর পর্যন্ত চালু রাখা হয়।
তিনি জানান, এর মধ্যে এ ব্যাপারে যে সাড়া পাওয়া গেছে তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই এ ব্যাপারে সরকারের প্রতিক্রিয়া জানা যাবে এবং এজন্য সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে।
বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েসনের পরিসংখ্যান মতে, ব্রিটেনে বাংলাদেশী মালিকাধীন হোটেলগুলোতে ৮৫ হাজার শ্রমিক কাজ করছে। এই খাতে বছরে আয় হয় ২৫০ কোটি পাউন্ড। এতে করে ব্রিটিশ সরকারও প্রতি বছর ভ্যাটবাবদ ৩০ কোটি পাউন্ড আয় করে।
