২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের প্রধান নির্বাহী নিযুক্তির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ

বেতন নির্ধারণ ও বয়সের উপর শর্তারোপ করার মাধ্যমে বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহী নিযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক (বিবি) বৃহস্পতিবার কড়াকড়ি আরোপ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকে প্রেরিত এক নোটিশে বলা হয়েছে, কোন ব্যক্তির বয়স ৬৫ বছর অতিক্রান্ত হলে তিনি কোনো ব্যাংকের প্রধান নির্বাহী পদে অধিষ্ঠিত থাকতে পারবে না।

বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রধান নির্বাহীর বেতন-ভাতাদি নিরূপণে সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক অবস্থা, কর্মকান্ডের ব্যাপকতা, ব্যবসার পরিমান, উপার্জন ক্ষমতা, সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় আনতে হবে।

এছাড়া সমপর্যায়ের অন্যান্য ব্যাংকের অনুরূপ পদে নিযুক্ত ব্যক্তিবর্গকে প্রদত্ত বেতন-ভাতাদির সাথে সামঞ্জস্য রাখতে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে।

কোন ব্যাংক তার প্রধান নির্বাহী অথবা ব্যবস্থাপনা পরিচালকদের কি পরিমান বেতন-ভাতাদি দিচ্ছে তা প্রস্তাব আকারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে পেশ করার কথা বাংলাদেশ ব্যাংকের নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদস্থ এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, ব্যাংকগুলো তাদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের বিপুল পরিমানে অর্থ দিয়ে আসছে। বাংলাদেশী টাকার অংকে তা দশ লাখের মত। নোটিশটি তাদেরকে প্রদত্ত বেতন-ভাতার ক্ষেত্রে যৌক্তিকতা সৃষ্টি করতে সহায়তা করবে।

কর্মকর্তাটি বলেন, ব্যাংকগুলোতে প্রধান নির্বাহী নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়ম-কানুন নেই। অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ব্যাংক ব্যবস্থাপনা তার প্রধান নির্বাহীর জন্য বেতন-ভাতাদি বিবেচনা করতো।

বাংলাদেশ ব্যাংকের অপর এক কর্মকর্তা বলেন, দেশের ব্যাংকিং খাতে ‘অসাধু বাণিজ্য’ চলছে, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নোটিশ তা বন্ধ করতে সক্ষম হবে।

পুবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ইব্রাহিম খালেদ বিডিনিউজকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের কারণে বেসরকারি খাত তার প্রতিযোগিতামূলক উদ্যম হারিয়ে ফেলবে। তিনি বলেন, এ ধরনের কড়াকড়ি আরোপের কোন প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না।

তিনি বলেন, অন্যান্য বেসরকারি খাতগুলোতে কাজ করতে বয়সের উপর কোন কড়াকড়ি নেই। এমনকি সরকার ৬৭ বছর বয়সী ব্যক্তিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংকের নোটিশে বলা হয়েছে, প্রধান নির্বাহীদের জন্য বেতন-ভাতা সংক্রান্ত বিবি’র কাছে প্রেরণের জন্য তৈরিকৃত প্রস্তাবে মূল বেতন, বাড়িভাড়া, উৎসব ভাতা, প্রভিডেন্ড ফান্ড, ইউটিলিটি বিলস, পরিবহনসহ অন্যান্য খাতে উল্লেখিত ভাতা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রস্তাবে উল্লেখিত সকল বেতন-ভাতা সুবিধার নির্দিষ্ট সীমা থাকবে এবং তা টাকার অংকে প্রকাশ করতে হবে।

নোটিশে বলা হয়েছে, চাকুরির শর্তে উল্লেখিত শর্তাবলী সংশ্লিষ্ট নিযুক্ত প্রধান নির্বাহীর  চাকুরির মেয়াদকালীন সময়ে ব্যাংকগুলো পরিবর্তন করতে পারবে না। চুক্তি নবায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নৈপূণ্যের উপর ভিত্তি করে বেতন-ভাতা পুনর্নির্ধারণ করা যাবে।

নোটিশে বলা হয়েছে, বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধা ছাড়া প্রধান নির্বাহী ব্যাংক থেকে লভ্যাংশ, কমিশন বোনাস, ক্লাবের জন্য খরচের মত প্রত্যক্ষ সুবিধাদি পাবেন না। কোন সামাজিক ক্লাবের সদস্যপদের জন্য ব্যাংকগুলো তাদের প্রধান নির্বাহীকে কোন অর্থ বা সুবিধা দেবে না।

বাংলাদেশ ব্যাংকের নোটিশে আরো বলা হয়েছে, প্রধান নির্বাহীর অনুকূলে কোনো ব্যাংক কোনো আয়কর প্রদান করবে না। এক্ষেত্রে নিয়োগকৃত ব্যক্তিকে আয়কর প্রদান করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ কর্তৃক প্রেরিত নোটিশটি নতুন ও বিশিষ্ট ব্যাংক ব্যতীত বাংলাদেশে কার্যরত সকল ব্যাংকের পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় উপস্থাপন করার কথা বাংলাদেশ ব্যাংকের নোটিশে বলা হয়েছে।