পোট্রেল পাম্পগুলোতে জরুরি ভিত্তিতে তেল সরবরাহের আহ্বান
ডিপো থেকে পাঁচদিন সরবরাহ বন্ধ রাখার সরকারি আদেশের ফলে দেখা দেওয়া জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে পাম্পগুলোতে তেল সরবরাহের আহ্বান জানায়েছেন পাম্প মালিকরা।
শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নাজমুল হক বলেন, সরকার ২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তেল সরবরাহ বন্ধ ঘোষণা করেছে। এর ফলে সারা দেশে তেলের সঙ্কট দেখা দিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোয় সরকার ডিলারদের তেল সরবরাহে অঘোষিত রেশনিং ব্যবস্থা চালু করেছে। ফলে চাহিদানুযায়ী তেল দিতে না পারায় গ্রাহকদের সঙ্গে পাম্প মালিকদের প্রায়ই বাক-বিতণ্ডা হচ্ছে। এখন দেশে ডিজেলের দৈনিক চাহিদা প্রায় ১২ থেকে ১৪ হাজার টন।
এই অবস্থায় সরকার তেল সরবরাহে রেশনিং ব্যবস্থা চালু করেই ক্ষান্ত হয়নি। বরং দেশের ইতিহাসে প্রথমবারের মত তেলের ডিপো লাগাতার পাঁচ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
নাজমুল হক বলেন, এই ভূল সিদ্ধান্তের কারণে দেখা দেওয়া সংকটের জন্য দায়ী সরকার। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. নাজমুল হক, হারুন অর রশিদ, রফিকুর রহমান মাহমুদ প্রমুখ।
