২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি ব্যয় বাড়লে সমস্যা নেই: অর্থ উপদেষ্টা

রাজস্ব আদায়ে ব্যাপক ঘাটতি এবং বিদেশি সহায়তার পরিমাণ কমে যাওয়া সত্ত্বেও সরকারি ব্যয় বৃদ্ধিতে কোনো সমস্যা দেখছেন না তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. শোয়েব আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

অর্থ মন্ত্রণালয়ে বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বেড়ে যাওয়ায় সমস্যার কিছু দেখছি না। আপনাদেরকে পরিস্থিতির কথাও বিবেচনায় রাখতে হবে।”

অর্থ উপদেষ্টা পাল্টা প্রশ্ন করে, “উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার জন্য এবং অন্যান্য ব্যয় মেটানোর জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে সরকার কী করতে পারে?”

উপদেষ্টা বলেন, “বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে চলতি অর্থ বছরে প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ না পাওয়ার কারণে সরকার ঋণ নিতে বাধ্য হচ্ছে।”

সূত্র জানায়, সরকার এখন পর্যন্ত প্রায় ৪ হাজার আটশ কোটি টাকা ধার করেছে এবং নভেম্বর পর্যন্ত অর্থ বছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আয়ে প্রবৃদ্ধির হার ছিল মাত্র ৯ দশমিক ২৯ শতাংশ। অথচ ্ সময়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ২০ দশমিক ৮ শতাংশ।

চলতি অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট স্থানীয় বরাদ্দ ১৭ হাজার ২শত ৫০ কোটি টাকার ২৫ শতাংশই খরচ হয়ে গেছে। গত অর্থবছরের একই সময়ে এডিপি বরাদ্দের মাত্র ৬ শতাংশ খরচ হয়েছিল।

এর আগে ড. শোয়েব আহমেদের পূর্বসুরী অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খান কম রাজস্ব আয় সত্ত্বেও সরকারের ব্যয় ও ঋণ বাড়ার কারণে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছিলেন।

আকবর আলী খান জরুরি মুহূর্তে সংকট এড়াতে সরকারি তহবিল খরচের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সতকর্তা অবলম্বনের পরামর্শ দিয়েছিলেন।

অন্যদিকে, শোয়েব আহমেদ বলেছেন, আসন্ন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের আরো অর্থ প্রয়োজন। তিনি বলেন, “এ কারণে প্রয়োজনীয় অর্থ দিতে সরকার প্রস্তুত।”

তিনি আরো বলেন, “বিদেশি বিভিন্ন উৎস থেকে আমরা অর্থ পাচ্ছি, কিন্তু দেরি হচ্ছে। দাতাদের কাছ থেকে অর্থ পেলে আমরা ব্যাংক ঋণ পরিশোধ করতে পারব।”

আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ের বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, “দেশে মাত্র ২০ লাখ ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বারধারী (টিআইএন) রয়েছেন। কিন্তু এই সংখ্যা খুব সহজেই ৪০ লাখে বাড়ানো সম্ভব বলে আমার বিশ্বাস।” এ ব্যাপারে অবিলম্বে কাজ শুরুর করার জন্য এনবিআর কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

অর্থ উপদেষ্টা বলেন, কোনো ব্যাক্তি বা কোম্পানিকে বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) অধীনে আনার নীতিমালা কী তা জানানোর জন্যও তিনি এনবিআর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

খেলাপি ঋণ ব্যবস্থাপনা বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক বিষয়টি দেখছে। বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে আমি কোনো হস্তক্ষেপ করতে চাই না।”