টিসিবির ওএমএস কার্যক্রম চলবে
মজুদ পণ্য বিক্রি শেষ না হওয়ায় নির্ধারিত সময়ের পরেও খোলা বাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চালু রাখবে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি)।
গত ২ ডিসেম্বর থেকে খাদ্য অধিদপ্তরের ডিলারদের মাধ্যমে পাইকারী এবং ১৪ ডিসেম্বর থেকে ভ্রাম্যমান ট্রাকে করে খুচরা মূল্যে ডাল, চিনি ও তেল বিক্রি শুরু করে।
২৮ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রমের সময়সীমা নির্দিষ্ট থাকলেও মজুদ পণ্য পুরোপুরি বিক্রি না হওয়ায় ঈদের পরেও ওএমএস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে টিসিবি।
মঙ্গলবার টিসিবির একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “টিসিবির মজুদ পণ্য বিক্রি করার জন্য ঈদের পরেও ওএমএস কার্যক্রম চালূ রাখার সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট করে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।”
এদিকে খোলাবাজারের সঙ্গে সঙ্গতি রেখে চিনির দাম কেজি প্রতি এক টাকা কমালেও দেশী মশুর ডালের দাম কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “ক্রয়মুল্য বেশী হওয়াতে ডালের দাম কমানো অসম্ভব বিধায় যেসব ডিলার বেশী পরিমান ডাল নিবে তারা এক কেজি চিনি ফ্রি পাবেন।”
মজুদ পণ্যের মধ্যে গত এক সপ্তাহে সয়াবিন তেল শেষ হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, “সারা দেশে টিসিবির বিভিন্ন গুদামে এখনো দেশী মশুর ডাল প্রায় ১৬০০ মেট্রিক টন ও ৮০০ মেট্রিক টন চিনি মজুদ আছে।”
