২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজার দারুন চাঙ্গা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নির্বাচনে অংশ নেওয়ার খবর বিনিয়োগকারীদের মধ্যে আশা জাগিয়ে তোলায় রোববার শেয়ার বাজার ছিল গত এক মাসের মধ্যে সব চেয়ে চাঙ্গা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 12:27 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এক্ষেত্রে পিজিসিবি তো আছেই সেই সঙ্গে ভূমিকা রেখেছে বিভিন্ন ব্যাংকের শেয়ারও।

বাজার বিশ্লেষক মইন আল কাশেম বলেন, এটা ভালো লক্ষণ। রাজনৈতিক পরিস্থিতির উন্নতির কারণে বেশকিছু দিন পর শেয়ার বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে। সোমবারও বাজার চাঙ্গা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বুধবারের ৩৪ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা থেকে ৬৪ দশমিক ৭২ শতাংশ বেড়ে রোববার ৫৬ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকায় দাঁড়িয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ৬ কোটি ১১ লাখ ৯০ হাজার থেকে ৭৬ দশমিক ৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকায়।

ডিএসই সাধারণ সূচক বুধবারের ১ হাজার ৫৬৯ দশমিক ৪৫ থেকে ৩৪ দশমিক ৭৫ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ বেড়ে ১ হাজার ৬০৪ দশমিক ২০ এ দাঁড়ায়।

ভালো মানের ডিএসই ২০ সূচক ২২ দশমিক ৬৯ পয়েন্ট বা ১ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯৮ দশমিক ০৯ এ দাঁড়িয়েছে। ডিএসই সার্বিক সূচক ২৮ দশমিক ৬০ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ বেড়ে ১ হাজার ৩২২ দশমিক ২৬ এ দাঁড়ায়।

সিএসইতে সার্ভিস, প্রপার্টি, ব্যাংক, সিমেন্ট এবং জ্বালানি প্রতিষ্ঠানগুলোর সার্বিক সূচক ১ দশমিক ৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭২৯ দশমিক ৩৯-তে।

ভালো মানের সিএসই ৩০ সূচক ১ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৩১৬ দশমিক ৯১ এবং বাছাই সূচক ১ দশমিক ৯১ শতাংশ বেড়ে ২ হাজার ৪২৮ দশমিক ৬৩ তে দাঁড়ায়।

আওয়ামী লীগের ডাকা হরতালের কারণে বৃহস্পতিবারে শেয়ার বাজারে লেনদেন বন্ধ ছিল।

রোববার শেয়ার বাজারে লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল সাতটি ব্যাংক। তবে লেনদেনের ক্ষেত্রে সব প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। পিজিসিবির শেয়ারের দাম ৩ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২৫৪ টাকায় দাঁড়ায় এবং মোট লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকা।

পিজিসিবির পরেই ছিল সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক এবং ওয়ান ব্যাংক। সিটি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৯৬ শতাংশ বেড়ে ৬০৪ দশমিক ৫ টাকা, মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৩৫০ দশমিক ৭৫ টাকা, যমুনা ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ২৯২ দশমিক ৫ টাকা এবং ওয়ান ব্যাংকের শেয়ারের দাম ৫ দশমিক ০৭ শতাংশ বেড়ে ২৯২ টাকায় দাঁড়ায়।

শেয়ার বাজারে সবচেয়ে বেশি লাভ করেছে ফার্স্ট বিএসআরএস মিউচ্যুয়াল ফান্ড, এক্সেলসিয়র শো ও নর্দার্ন জুট এবং বেশি লোকসান দিয়েছে জার্মান বাংলা ফুড, টিউলিপ ডেইরি এবং ইনটেক।

ডিএসইতে ১২৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৬ টির এবং অপরিবর্তিত ছিল ২৬ টির।

সিএসইতে ৬৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১ টির এবং অপরিবর্তিত ছিল সাতটির।