২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক বাজারে কমছে দেশের তৈরি পোশাকের দাম

তীব্র প্রতিযোগিতার কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের দাম কমতে শুরু করলেও রপ্তানির পরিমাণ বেড়েছে বলে শনিবার জানিয়েছেন রপ্তানিকারক এবং বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 10:24 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ওভেন পণ্যের দাম এককভাবে ৮ দশমিক ০৮ শতাংশ কমেছে এবং নিটওয়্যার পণ্যের দাম কমেছে দশমিক ৬৫ শতাংশ।

বাণিজ্য বিশেষজ্ঞ মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চীন, ভারত, কম্বোডিয়া এবং ভিয়েতনামের মতো দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার করণে তৈরি পোশাকের দাম কমছে।”

বাংলাদেশ ২০০৬-০৭ অর্থবছরের প্রথম তিন মাসে ৩ কোটি ৬১ লাখ ৬০ হাজার ডজন ওভেন এবং ৫ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ডজন নিটওয়্যার পণ্য রপ্তানি করেছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার এবং ৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডজন।

ইপিবি’র হিসেব অনুসারে, ওই তিন মাসে গড়ে এক ডজন ওভেন পণ্যের দাম কমে ৩৫ দশমিক ০২ ডলারে ঠেকেছে। আগের অর্থবছরের একই সময়ে দাম ছিল ৩৮ দশমিক ১০ ডলার। একইভাবে নিটওয়্যার পণ্যের দাম ২৩ ডলার থেকে ২২ দশমিক ৮৫ ডলারে নেমে এসেছে।

রপ্তানিকারকরা বলেছেন, ২০০৫ সালের জানুয়ারিতে কোটা পদ্ধতি উঠে যাওয়ার পর থেকেই দাম কমছে অব্যাহতভাবে ।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি দাম কমে যাওয়ার কারণ।”

তিনি বলেন, “ক্রেতারা এ সুযোগটি নিচ্ছে... সস্তায় যদি আমরা পণ্য বিক্রি না করি তবে তারা অন্য কোথাও যাবে।”

রপ্তানির পরিমাণ বাড়লেও বাংলাদেশের রপ্তানিকারকদের লোকসান দিতে হচ্ছে বলে উল্লেখ করে মুস্তাফিজুর রহমান বলেন, “তৈরি পোশাক উৎপাদনের কাঁচা মালের দাম কমেনি।”

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য রপ্তানিকারকদের সুসংগঠিত সরকারি সমর্থন দরকার।

তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে রপ্তানিকারকদের যে সুবিধা দেওয়া হয় তা নিয়মিত করা দরকার।”

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ ওভেন রপ্তানিতে ১২৬ কোটি ৬১ লাখ ৫০ হাজার ডলার এবং নিটওয়্যার রপ্তানিতে ১২৪ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ডলার আয় করেছে।

২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিল ১ হাজার ৫৩ কোটি ডলার। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয় প্রায় ৮০০ কোটি ডলার।