বাজারে সবজির প্রাচুর্য, তেল মসলার দাম বাড়ছে
বাজারে রকমারি শীতকালীন শাক-সবজি ও তরিকারির দাম পড়তির দিকে। তবে বাড়তে শুরু করেছে তেল ও বিভিন্ন ধরণের মসলার দাম।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে নিম্ন থেকে উচ্চবিত্ত সব শ্রেণীর ক্রেতাকেই বাজার সেরে খুশিমনে বাড়ি ফিরতে দেখা গেল। তবে কেউ কেউ ঈদ উপলক্ষে তেল-মসলার দাম বেড়ে যাওয়ার অভিযোগ তুলেছেন।
কারওয়ান বাজারের পাইকারী কাঁচামাল ব্যবসায়ী আনোয়ার হোসেন জানালেন, গেল এক সপ্তাহ ধরে বিভিন্ন জেলা থেকে পেয়াঁজ, আলু ও টমেটোসহ পর্যাপ্ত সবজির চালান আসছে। প্রতিদিন শতাধিক ট্রাক আসায় তরিতরকারির দাম এক ধাক্কায় বেশ নেমে গেছে।
তিনি জানান, শুক্রবার সকালে পাইকারি বাজারে নতুন দেশি পেঁয়াজ গড়ে ১২-১৩ টাকা কেজি, আর পুরনো পেঁয়াজ ১৪-১৫ টাকায় বিক্রি হয়েছে। ভারতীয় পেঁয়াজের কেজি ১৮-১৯ টাকা। গত সপ্তাহে একই মানের পেয়াঁজ প্রতি কেজি ২৫ টাকার ওপরে বিক্রি হয়েছে।
পাইকারি মসলা বিক্রেতা মাহবুব জানান, রসুনের দামও কিছুটা কমেছে। দেশি রসুন প্রতি কেজি ১০০ ও ভারতীয় রসুন ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। ভারতীয় রসুনের ২০ কেজির প্যাকেট ১৩৬০ টাকা।
শুকনো মরিচের কেজি ১৩০-১৫০ টাকার মধ্যে। এর মধ্যে কুমিল্লার ১৪৬ টাকা, বরিশালের ১৩০, ও ভারতীয় মরিচ ১৩৬-১৩৮ টাকা কেজি।
ভালো মানের বগুড়ার হলুদ ৫৮ টাকা, নাটোরের ৫০ এবং ভারতীয় প্রতি কেজি ৫৬ টাকায় বিক্রি হয়েছে।
দেশি আদার দাম কিছুটা কমে ২০-২৫ টাকা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের আদা ২২ টাকা, শেরপুরের ২০ এবং ভালো মানের চায়না আদা ২৭-২৮ টাকা কেজি।
তবে ধনিয়ার দাম বেড়ে ৬০ টাকা কেজি হয়েছে।
পাইকারি বিক্রেতা হুমায়ন কবীর হাওলাদার জানান, নতুন আলু আসার ফলে দাম কেজিতে ২-৩ টাকা কমেছে। আলুর কেজি এখন ১৫-২০ টাকা। ভারতীয় আলু ১৫ টাকা, দেশি ১৭-১৮ এবং ভালো মানের ধোয়া বা সাদা আলু ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
গাজরের পাইকারি দাম কেজিতে ২ টাকা কমে প্রতি কেজি ১২ টাকায় বিক্রি হয়েছে। মটরশুটির দাম আগের সপ্তাহের তুলনায় প্রায় ২০ টাকা কমে প্রতি কেজি ৩০ টাকা হয়েছে।
বাজারে এই প্রথম আসা শালগম বিক্রি হয়েছে ১৫ টাকা কেজিতে। পেঁপের দাম ১ টাকা বেড়ে ৬ টাকা কেজি হয়েছে।
পাইকারি বাজারে পাকা টমেটোর দাম ৮-১৩ টাকা, কাঁচা টমেটো ৫-৬ টাকা।
কাঁচামরিচের দাম ৯ টাকা বেড়ে শুক্রবার ২৪ টাকা কেজিতে বিক্রি হয়েছে। ধনেপাতার কেজি ৮ টাকা।
অন্যান্য বিভিন্ন সবজি পাইকারি দামও প্রতি কেজিতে ৩-৫ টাকা করে কমেছে। করলা ১৬ টাকা, শিম ৮-১০ টাকা, বেগুন ১৬-১৮, শসা ৮-১০, ফুলকপি প্রতিটি ১০-১৫, বাঁধাকপি ১২-১৫, চালকুমড়া (মাঝারি) ২০ ও মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকায় বিক্রি হয়েছে।
এছাড়া লাল মূলা ৭-৮ টাকা কেজি, সাদা মূলা ৪-৫ টাকা, পটল ১২, ও পেঁয়াজের ফুল প্রতি আঁটি ৫ টাকায় বিক্রি হয়েছে।
সবজির দাম পড়তির দিকে হলেও ঈদের মাত্র এক সপ্তাহ আগে বাজারে তেল-মসলার দাম উর্ধ্বমুখী। পাইকারি বাজার ক্রিসেন্ট মার্কেটে তেল ও মসলার দাম প্রতি কেজিতে ২-৫ টাকা বেড়েছে।
ার্কেটের রিপন জেনারেল স্টোরের মোঃ এনামুল হক জানান, মসলার মধ্যে শুক্রবার জিরা ২০০ টাকা কেজি, দারচিনি ১৪০ টাকা, এলাচি ৫৫০, লং ২৪০, গোল মরিচ ২৪০, তেজপাতা ৮০, সাদা গোলমরিচ ৪০০ টাকা, জাইফল ৩৮০, যত্রিক ৭৮০, পোস্তদানা ৬৮০, কাঠবাদাম ৭০০, ও আলুবুখাড়া ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সেমাইয়ের মধ্যে বনফুলের ৮শ’ গ্রামের প্যাকেট ৯০ টাকা, ৪শ’ গ্রামের প্যাকেট ৪৮, ২শ’ গ্রামের প্যাকেট ১৬ ও পাকিস্তানের কুলসুম সেমাইয়ের ১ কেজি ১১০ ও ২শ’ গ্রামের প্যাকেট ২২ টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয় খোলা সেমাইয়ের ১ কেজির প্যাকেট ৪০ টাকা ও বিক্রমপুরের সেমাই ৭০ টাকা কেজি । চিনি বিক্রি হয়েছে ৩৭ টাকা কেজিতে।
বিভিন্ন কোম্পানির সয়াবিনের দাম ক্যান প্রতি ১-২ টাকা বেড়েছে। পুষ্টির ৫ লিটারের ক্যান ৩২৫ টাকা, ফ্রেশ ৩৩২, তীর ৩৩৫ ও রূপচাঁদা ৩৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
ডালের মধ্যে মসুর ও মুগ ৬৫ টাকা, ডাবলি ২২, বুট ৬০, মাসকালাই ৬৮, মটর ৫০, অ্যাংকর ২৫, ছোলা ৫৮, অরহর ৭০ ও খেসারি ২৮ টাকা কেজি।
চালের পাইকারি বাজারে নতুন পাইজাম ও নাজিরশাল আসতে শুরু করলেও দামের তেমন কোনো হেরফের হয়নি।
চাঁদপুর ট্রেডার্সের মাহবুবুল আলম রেজা জানান, ভালো চালের মধ্যে পাইজাম ১৯-২০ টাকা, নাজিরশাইল ২৫-২৭, মিনিকেট ২৬-২৭, কাটারীভোগ ৩৬-৩৭, লাল বিরই ২৩-২৪ টাকা এবং পোলাও চালের মধ্যে পাইজাম ২৪-২৫ ও কাটারীভোগ ৩০-৩২ টাকায় বিক্রি হচ্ছে।
