২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সটাইল টাস্কফোর্সের সুপারিশ ছয়মাসেও বাস্তবায়ন হয়নি

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি টেক্সটাইল টাস্কফোর্সের সুপারিশ ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও বাস্তবায়ন করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 04:16 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

টাস্কফোর্স ১৯৯৫ সালের বস্ত্র নীতির আধুনিকায়ন, ভতুর্কি পাঁচ শতাংশ থেকে ১০ শতাংশে বৃদ্ধিসহ ১২ দফা সুপারিশ করে।

আন্তমন্ত্রণালয় টাস্কফোর্স কমিটি এই সুপারিশমালা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে হস্তান্তর করে এ বছরেরই জুলাইয়ে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি এম এ আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সব সুপারিশ গত ছয়মাস ধরে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরছে।”

তিনি দাবি করেন, সুপারিশ বাস্তবায়ন না হলে ২০১০ সাল নাগাদ বস্ত্রখাত থেকে বাংলাদেশের এক হাজার কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে।

সুপারিশমালায় বিভিন্ন অঞ্চলে পরিবেশবান্ধব বর্জ্য শোধনাগার (ইটিপি) গড়ে তোলা, বর্তমান কর অবকাশ সুবিধা অব্যহত রাখা, বিশেষ হাইটেক পার্ক এবং কয়েকটি টেক্সটাইল কলেজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

বিটিএমএ এর সাবেক সভাপতি বলেন, “দেশে এখন মাত্র একটি টেক্সটাইল কলেজ আছে। সুপারিশ অনুযায়ী, প্রত্যেকটি বিভাগে একটি করে ছয়টি কলেজ প্রতিষ্ঠা এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল কোর্স চালু করার কথা ছিল।”

তিনি বলেন, দেশে টেক্সটাইল ডিগ্রিধারীর ব্যাপক সংকট রয়েছে। তাই মাত্র কয়েক হাজার বিদেশী বিশেষজ্ঞের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে।

দেশের বর্ধিত চাহিদা মেটাতে আরও কয়েক হাজার বিশেষজ্ঞের প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।

এম এ আউয়াল বলেন, “দীর্ঘমেয়াদি এবং কার্যকর কৌশল নেওয়ার মধ্য দিয়ে বস্ত্রখাতের সামগ্রিক উন্নয়ন ও প্রতিযোগিতার সামর্থ্য বাড়ানোর জন্য সুপারিশগুলো প্রণয়ন করা হয়েছিল।”

প্রসঙ্গত দেশের বস্ত্র কারখানাগুলো বর্তমানে নিট খাতে স্থানীয় চাহিদার ৮০ শতাংশ এবং ওভেন খাতের ৪০ শতাংশ সরবরাহ করতে সক্ষম।