অচল হয়ে গেছে স্থলবন্দর সোনামসজিদ
সরকার ঘোষিত পুর্নাঙ্গ বন্দর ও ওয়্যার হাউজ চালু করতে গিয়ে শ্রমিকদের বাধার মুখে বুধবার প্রথম দিনেই অচল হয়ে গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ।
শ্রমিকদের সঙ্গে পারিশ্রমিক নিয়ে চুক্তি না করা ও সংশ্লিষ্ট সব সংগঠনকে এ বিষয়ে অবহিত না করাসহ কয়েকটি অভিযোগে সোনামসজিদ-পানামা পোর্টলিংক লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের অনির্ধারিত ধর্মঘটে বুধবার একাত্মতা প্রকাশ করে আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
১৬ নভেম্বর সোনামসজিদকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণার পর ১৯ ডিসেম্বর ওয়্যার হাউজ চালুর বিষয়ে দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করা হয়।
সে অনুযায়ী রাজশাহী শুল্ক বিভাগের অতিরিক্ত কমিশনার মজিবুর রহমান বুধবার বন্দরে এসে পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনায় ওয়্যার হাউজ উদ্বোধনের উদ্যোগ নেন।
সকাল ৯টার দিকে ভারত থেকে পণ্যবাহী গাড়ি শূন্য রেখা অতিক্রম করে বন্দরে প্রবেশের চেষ্টা করলে শ্রমিকদের বাধার মুখে পড়ে। শূন্য রেখা বরাবর শ্রমিকরা ব্যারিকেড দিয়ে অবস্থান নেয়। এর ফলে বন্দরে কোনো গাড়ি প্রবেশ করেনি।
শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, পারিশ্রমিক নিয়ে সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো চুক্তি করেনি।
বন্দরের অবকাঠামো নির্মাণের সময় শ্রমিকদের কাছ থেকে ধার নেয়া ৬০ লাখ টাকার মধ্যে এখনো ৫৩ লাখ টাকা ফেরত দেয়নি সোনামসজিদ-পানামা কর্তৃপক্ষ।
এছাড়া মজুরি নিয়েও তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।
আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আবু তালেব জানান, সোনামসজিদ-পানামা পোর্টলিংক লিমিটেড ওয়্যার হাউজ চালুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের না জানিয়ে বন্দর চালুর যে উদ্যোগ নিয়েছে তা গ্রহণযোগ্য নয়।
সোনামসজিদ ল্যান্ড কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক লতিফুর রহমান ও সদস্য সচিব রুহুল আমিন জানান, ওয়্যার হাউজ নিয়ে বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্দর চালুর উদ্যোগ গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে জানার জন্য বারবার চেষ্টা করেও সোনামসজিদ-পানামা পোর্টলিংক লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
