২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকিং কার্যক্রম বন্ধে আরও ৩ মাস সময় পেল যুবক

গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ ও ঋণ দান বন্ধ এবং তাদের কাছে গচ্ছিত অর্থ ফেরত দিয়ে ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নিতে যুবক কর্মসংস্থান সোসাইটিকে (যুবক) আরও তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

কেন্দ্রীয় ব্যাংক সময় বাড়ানোর অনুমোদন দিয়ে বুধবার যুবকের কাছে একটি চিঠি পাঠিয়েছে। সেই সঙ্গে এ পর্যন্ত তারা গ্রাহকদের কত টাকা ফেরত দিয়েছে তারও বিস্তারিত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‘অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা’র অভিযোগ এনে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ ও ঋণ দান বন্ধ এবং তাদের কাছে জমা অর্থ ফেরত দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক এর আগে যুবককে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।

এর পর গত ১২ ডিসেম্বর যুবক কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানায়। তারা আরও জানায়, সংগৃহীত মোট অর্থের মধ্যে এ পর্যন্ত ৬০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যুবকের অনুরোধের প্রেক্ষিতে আমরা তাদের আরও কিছু সময় দিয়েছি। আগামী ৩১ মার্চ ২০০৭ এর মধ্যে যুবককে তাদের সব তৎপরতা বন্ধ করতে হবে।”

তবে এ প্রসঙ্গে মন্তব্য করার জন্য যুবক হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হোসেন আল মাসুমের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

যুবকের চিঠির উদ্ধৃতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংক টাকা ফেরত পাওয়া গ্রাহকদের নাম, ঠিকানা, তাদের কাছ থেকে সংগৃহীত ও এর বিপরীতে ফেরত দেওয়া অর্থের পরিমাণ, ফেরতের তারিখ, কোন ব্যাংকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে তার বিস্তারিত বিবরণ ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওই চিঠিতে এখন পর্যন্ত যে অর্থ ফেরত দেওয়া হয়নি তারও বিস্তারিত বিবরণ জানতে চাওয়া হয়েছে। এছাড়া যুবক কবে নাগাদ গ্রাহকদের অর্থ ফেরত দেবে তার সময়ও জানাবে। সে অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা কেন্দ্রীয় ব্যাংককে দুই সপ্তাহ পরপর জানাবে প্রতিষ্ঠানটি।

তবে যুবকের বিরুদ্ধে এখনও কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা জানান, যুবকের মাসিক প্রতিবেদনে যেসব দাবি করা হয়েছে তা ঠিক নয়। তিনি বলেন, “আমরা এখনও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি।”

কেন্দ্রীয় ব্যাংকের যেসব কর্মকর্তা যুবকের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহী শাখার কাগজপত্র পরীক্ষা করেছেন তাদের বক্তব্য, প্রতিষ্ঠানটি এখনও গ্রাহকদের সঞ্চিত অর্থ পুঁজি হিসেবে ব্যবহার করছে এবং পুরনো ঋণ গ্রাহকদের আবারও নতুন করে ঋণ দিচ্ছে।

জুলাই মাসে যুবককে ব্যাংকিং তৎপরতা বন্ধের নির্দেশ দেওয়া হলেও প্রতিষ্ঠানটি তা অমান্য করেছে বলে তারা অভিযোগ করেন।

এই অভিযোগের প্রেক্ষিতে যুবককে আবারও গ্রাহকদের ঋণ দান, সঞ্চয় প্রকল্প ও এ ধরনের যেকোনো তৎপরতা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিষ্ঠানটি টাকা নিয়েও আবাসন ব্যবসায় প্রতিশ্রুত প্লট গ্রাহকদের এখনও বুঝিয়ে দেয়নি বলে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে বেরিয়ে এসেছে।

১৯৯৪ সালে ক্ষুদ্রঋণ দান কার্যক্রমের মাধ্যমে যুবক তার যাত্রা শুরু করেছিল। বর্তমানে এর ২০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান আছে। এর মধ্যে আছে টেলিযোগাযোগ, আবাসন, পর্যটন, স্বাস্থ্য, সিরামিক, সামুদ্রিক খাদ্য, তথ্যপ্রযুক্তি, মাছ চাষ, নার্সারি, কৃষিজাত পণ্য ও পুঁজি ব্যবস্থাপনা।