আমলাতান্ত্রিক জটিলতায় ওষুধ রপ্তানি বাড়ানো যায়নি
আমলাতান্ত্রিক জটিলতায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বেধে দেওয়া নীতির সুযোগ নিয়ে ওষুধ রপ্তানি বাড়াতে পারেনি বাংলাদেশ।
ডব্লিউটিও-এর নীতি অনুসারে স্বল্পোন্নত দেশগুলোকে পেটেন্টে করা ওষুধ উৎপাদনের অনুমোদন দেওয়া হলেও বাংলাদেশ এ থেকে লাভবান হয়নি।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি এসএম শফিউজ্জামান বলেন, “সরকারি আমলাতন্ত্র পিছন থেকে পা টেনে ধরায় আমরা প্রথম ধাপে সুবিধা লাভে ব্যর্থ হয়েছি।”
ডব্লিউটিওর নিয়ম চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। আগামি ২০১৫ সাল পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। ডব্লিউটিওর দেওয়া সুবিধা অনুযায়ী অনুযায়ী বাংলাদেশ ওষুধ রপ্তানি তিনগুণ বাড়াতে পারে।
শফিউজ্জামান বলেন, ওষুধ পেটেন্ট আইনের আওতামুক্ত স্বল্পোন্নত ৫০ টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। দেশগুলোকে পেটেন্ট করা ওষুধ উৎপাদন এবং দেশে ও আন্তর্জাতিক বাজারে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেছেন, “এর আগে স্বল্পোন্নত দেশগুলোর পেটেন্ট করা ওষুধ উৎপাদনের অনুমতি ছিল না। ভারত, চীন এবং পাকিস্তানের মতো বৃহৎ উন্নয়নশীল দেশগুলোও এতদিন ব্যবস্থার আওতায় কোনও সুবিধা পায়নি।”
“স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে কেবল বাংলাদেশেরই দেশের চাহিদা মেটানোর পর বাইরে রপ্তানি করার মতো অবকাঠামো এবং সক্ষমতা রয়েছে।” জানিয়েছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি।
অবশ্য এ ধরনের ওষুধ উৎপাদনে বাংলাদেশের কাঁচামালের অভাব রয়েছে বলে স্বীকার করলেন শফিউজ্জামান। এ সম্পর্কে তিনি বলেন, “আমরা কাঁচামাল আমদানি করতে পারি, কিন্তু দাম অত্যন্ত বেশি এবং আমরা আমাদের লাভের পরিমাণ বাড়াতে পারি না।”
পেটেন্ট করা ওষুধের কাঁচামাল উৎপাদনের জন্য ওষুধ শিল্পের নেতারা জমি বরাদ্দ দেওয়ার ব্যাপারে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল বলে জানান ওষুধ শিল্প সমিতির সভাপতি।
কাঁচামাল উৎপাদনের জন্য স্থানীয় কোম্পানিগুলোর কেন আলাদা একটি এলাকা দরকার তা ব্যাখ্যা করে শফিউজ্জামান বলেন, “এ ধরনের পণ্য উৎপাদন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যে কারণে আমাদের একটি সংরক্ষিত এলাকা দরকার।”
তিনি বলেন, “সরকারি সমর্থনের অপেক্ষায় আমরা অনেক সময় নষ্ট করেছি।”
জমি মঞ্জুরের প্রস্তাব একনেক পূর্ববর্তী সময়ে অনুমোদিত হয়েছিল, কিন্তু তা কখনোই চূড়ান্ত অনুমোদন পায়নি।
শফিউজ্জামান বলেন, “জমির ব্যবস্থা করার জন্য সরকার বিআইএসসিআইসিকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে তা চূড়ান্ত হয়নি।”
তিনি বলেন, “সার্বিক প্রক্রিয়া শেষ হতে আরও তির-চার বছর সময় লেগে যাবে এবং ওই সময়ের মধ্যে আমরা ডব্লিউটিওর অগ্রাধিকার সুবিধা নিতে পারব না।”
বাংলাদেশ বিশ্বের প্রায় ৬৭ টি দেশে ওষুধ রপ্তানি করে থাকে। দেশগুলোর মধ্যে তাইওয়ান, সিঙ্গাপুর এবং পাকিস্তানের মতো দেশও রয়েছে। ওষুধ রপ্তানি বাড়াতে মধ্যপ্রাচ্যের কিছু দেশ, বিশেষ করে সৌদে আরবের সঙ্গে আলোচনা চলছে।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত এ খাতের রপ্তানি আয় প্রায় ৩০০ কোটি টাকা।
