রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাণিজ্য মেলা জমজমাট
রাজনৈতিক অস্থিরতার মধ্যেও জমে উঠছে বাণিজ্য মেলা। বিদেশি আমদানিকারকদের দেওয়া স্পট অর্ডারও প্রায় বিশ কোটি টাকায় দাঁড়িয়েছে।
মেলায় ভিড় বাড়ছে দর্শনার্থীর। বিদেশি আমদানিকারকরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। পণ্য কেনার ‘স্পট অর্ডার’ দিচ্ছেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “এখনকার মেলা দেখলে বিশ্বাস হয় না প্রথম কয়েকদিন কী ছিলো এর অবস্থা। মাত্র ৮/৯ দিনের মাথায় স্পট অর্ডার প্রায় বিশ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে।”
বিদেশি ক্রেতাদের আগ্রহের বিষয়টিকে খুব ভালো লক্ষণ বলে তিনি জানালেন।
“পাটজাত পণ্য, তৈরি পোশাক, বাঁশ-বেতের আসবাবপত্র, কাচের দরজা, টেবিল, ফ্লোর, কাঠ ও পারটেক্সের আসবাবপত্রের দিকে বিদেশিদের ঝোঁকটা বেশি।”
মেলা ঘুরতে আসা লোকজনের ভিড়ও বেশি দেখা যাচ্ছে তৈরি পোশাক, ক্রোকারিজ, খেলনা, জুয়েলারি, কসমেটিকস ও রেস্টুরেন্টগুলোতে।
বিদেশি প্যাভিলিয়নগুলোতে পাকিস্তানি পোশাক, মসলা ও কাঠের তৈরি পণ্য, থাইল্যান্ডের খাবার, শোপিস ও ইরানি জুয়েলারি ও কার্পেটের চাহিদা চোখে পড়ার মতো।
রাজশাহী সিল্ক হাউসের স্বত্বাধীকারী মো. আলম জানালেন, খুব ভালো বিক্রি হচ্ছে।
রূপসী টেক্সটাইলের আহমেদ কবীর জানালেন, তার বিক্রি পাঁচ লাখ টাকা ছাড়িয়ে গেছে। তিনি বিদেশি দুটি প্রতিষ্ঠানের অর্ডারও পেয়েছেন।
তাইওয়ানের প্রতিষ্ঠান ‘নিউ লাইফ স্টাইল’ বুধবার ইসহানা জুট প্রোডাক্টস লিমিটেডের কাছে আট লাখ পাটের তৈরি ব্যাগের স্পট অর্ডার দিয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানটির স্বত্বাধীকারী আবুল কালাম আজাদ।
গ্রামীণ চেকের প্যাভিলিয়নে বুধবার ছিল উপচে পড়া ভিড়। নোবেল শান্তি পুরস্কার নিয়ে ড. মুহম্মদ ইউনূস দেশে ফিরেছেন, এ উপলক্ষে প্যাভিলিয়নটি মঙ্গলবার থেকেই বিশেষ সাজে সেজেছে। সব বয়সী দর্শকের কাছে তাঁর ব্যবহৃত নকশার ফতুয়ার চাহিদা ব্যাপক।
টিকেট কাউন্টারে খোঁজ করে জানা গেলো, দূরবস্থা কাটিয়ে মেলায় দর্শনার্থী ও বিদেশি ক্রেতার এখন যথেষ্ট ভিড়। তবে ১০/১২ বছর বয়সী শিশুদের তুলনামূলক কম দেখা যাচ্ছে।
মোহাম্মদপুর থেকে মেলা ঘুরতে আসা জাহান বলেন, “প্রচুর আকর্ষণীয় জিনিসপত্র উঠেছে। আর কয়েকদিন পরেই তো মেলা শেষ হয়ে যাবে তাই দাম একটু কমেছে।”
কল্যাণপুরের শাহিদা খানম বললেন, “মেলায় ক্রোকারিজের জিনিস কিনতে এসেছি। সামনে ঈদও আসছে।”
কুমিল্লা থেকে আসা নাজমুল রনি জানালেন, মেলাও দেখার সঙ্গে সঙ্গে ঈদের কেনাকাটাও অল্পের মধ্যে সারা গেছে।
ইপিবির তদন্ত অফিসার গোলাম সামদানী জানালেন, প্রচুর নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও হকাররা মেলায় ঢুকে পড়ছে।
মেলা পরিচালক ও সচিব মো. আমীর হোসেন জানালেন, শুরু থেকে এখন পর্যন্ত ২৫ জনকে দোকান ভাড়াসহ বিভিন্ন অনিয়মের জন্য মেলা থেকে বহিষ্কার করা হয়েছে।
