চিনির দাম কেজিপ্রতি এক টাকা কমিয়েছে টিসিবি
খোলাবাজারের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) চিনির দাম বুধবার থেকে কেজিপ্রতি এক টাকা কমিয়েছে ।
টিসিবির উর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন,“খোলাবাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশী মশুর ডাল কেজি প্রতি ছয় টাকা ও চিনি কেজি প্রতি তিন টাকা কমানোর জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়। কিন্তু মন্ত্রণালয় শুধুমাত্র চিনির দাম কেজিপ্রতি এক টাকা কমিয়েছে।”
এই দাম বুধবার থেকে কার্যকর হবে বলে তিনি জানান।
তিনি বলেন, দেশী মশুর ডালের দাম কমানোর প্রক্রিয়া এখনো অব্যাহত আছে।
রাজধানীর পাইকারী বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মধ্যে চিনি রোববার কেজিপ্রতি ৪৪ টাকা থেকে কমে বুধবার ৩৭/৩৮, দেশী মশুর ডাল কেজিপ্রতি ৬৫/৬৬ টাকা থেকে ৫৬ ও সয়াবিন তেল লিটার প্রতি ৭৩ থেকে ৬২ টাকায় নেমে এসেছে।
টিসিবি দাম কমানোয় ক্রেতারা চিনি ৩৮ এর বদলে ৩৭ টাকায় কিনতে পারবেন। দেশী মশুর ডাল কেজি প্রতি ৫৮ ও সয়াবিন তেল ৯০০ মিলিলিটার ৫০ এবং ২ লিটার ১১০ টাকায় অপরিবর্তিত রয়েছে।
টিসিবির এক কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন গুদামে টিসিবির ১ হাজার মেট্রিক টন চিনি, ১ হাজার ৬৫০ মেট্রিক টন ডাল ও প্রায় ৭৫০ লিটার সয়াবিন তেল মজুদ আছে।
