মামলার কারণে ৪ হাজার কোটি টাকার কর অনাদায়ী
মামলা সংক্রান্ত জটিলতার কারণে ৪ হাজার কোটি টাকারও বেশি কর বছরের পর বছর অনাদায়ী থাকছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নাম প্রকাশে অনিচ্ছুক পদস্থ এক কর্মকর্তা বলেন, বছরের পর বছর ধরে বেশ কিছু মামলা ঝুলে থাকায় কর আদায় বাধাগ্রস্থ হচ্ছে।
এনবিআর সূত্র জানায়, ৯ হাজার ৮শ’ ১৬ টি মামলা ও আপিল মামলার কারণে ১ হাজার ৬শ’ ২০ কোটি টাকার শুল্ক, ১ হাজার ১শ’ ৩৭ টি মামলার কারণে ১ হাজার ৪শ’ ২৪ কোটি ২০ লাখ টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট), এবং ১ হাজার ১শ’ ২৪ টি মামলার কারণে ১ হাজার ১শ’ ২৪ কোটি টাকার আয়কর অনাদায়ী রয়েছে।
এনবিআরের ওই কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা অবশ্যই আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করবো। মামলার দ্রুত নিস্পত্তি কর আদায় বাড়াতে পারে।”
সরকার চলতি অর্থ বছর কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪১ হাজার ৫৫ কোটি টাকা, যা গত অর্থ বছরের চেয়ে ২০ দশমিক ৮ শতাংশ বেশি।
এনবিআর জানায়, কিন্তু চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসের সংগ্রহ অনুযায়ী এই প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে মাত্র ৯ দশমিক ২৯ শতাংশে।
কর সংগ্রহের কিছু উৎস যেমন আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক, আবগারী শুল্ক এবং টার্ন ওভার ট্যাক্সের প্রবৃদ্ধি চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে ছিল নেতিবাচক।
এনবিআরের একজন উর্দ্ধতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত আদালতে দায়ের করা ৬ হাজার ৮শ’ ৯৭ টি মামলার কারণে মোট ৯শ’ ৪০ কোটি ৩১ লাখ টাকার কর অনাদায়ী রয়েছে।
তিনি বলেন, ২০০৫ সালে ১ হাজার ৪শ’ ৮৯ টি মামলার কারণে ৪০৪ কোটি ৩৪ লাখ টাকা এবং চলতি বছরের জুন মাস পর্যন্ত ১ হাজার ৪শ’ ৩০ টি মামলার কারণে ২শ’ ৭১ কোটি ৮৯ লাখ টাকার কর অনাদায়ী রয়েছে।
এনবিআর কর্মকর্তা বলেন, দীর্ঘ শুনানির পর আদালত হয়ত রাজস্ব কর্তৃপক্ষের অনুকূলে রায় দিতে পারেন। কিন্তু ততদিন পর্যন্ত এই কর সংগ্রহ আনাদায়ী থাকবে।
গত অর্থবছরে বাংলাদেশে কর-জিডিপি অনুপাত ছিল ১০ শতাংশেরও কম। চলতি অর্থবছর সরকার এই অনুপাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১১ শতাংশ।
