বাণিজ্য মেলায় প্রায় ৮ কোটি টাকার স্পট অর্ডার
বাণিজ্য মেলার প্রথম ১২ দিনে বিদেশিদের কাছ থেকে প্রায় আট কোটি টাকার তাৎক্ষণিক ক্রয়াদেশ (স্পট অর্ডার) পাওয়া গেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ২৩ দশমিক ১৮ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, বিভিন্ন রাজনৈতিক সমস্যা সত্ত্বেও এবারের মেলায় এখন পর্যন্ত স্পট অর্ডারের পরিমাণ আগের বছরের তুলনায় বেড়েছে ২৩ দশমিক ১৮ শতাংশ।
তবে মেলার শেষ দু সপ্তাহে অর্ডারের সংখ্যা গত বছরের চেয়ে তিনগুণ বেশি হবে বলে তিনি আশাবাদী। তৈরি পোশাক, পাট জাতীয় পণ্য, ফার্ণিচার ও খাদ্য সামগ্রীর চাহিদা এবার বেশি বলেও জানান তিনি।
এদিকে বিদেশি আমদানিকারকদের স্পট অর্ডার বাড়লেও মেলায় অংশগ্রহণকারী বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া মেলায় অংশগ্রহণ করার কথা থাকলেও এখন অবধি বিদেশি প্যাভিলিয়নের অনেক স্টলই খালি পড়ে আছে।
প্রতি বছর মেলায় অংশ নেওয়া পাকিস্তানি প্যাভিলিয়নের নাজাম মাহমুদ জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার বাংলাদেশি এজেন্টের হাতে ছেড়ে দিয়ে আগামী রোববার তিনি পাকিস্তান ফিরে যাচ্ছেন।
বাণিজ্য মেলায় এবারের আয়োজনে ইপিবির সহযোগী দেশ হচ্ছে মালয়েশিয়া। অথচ তাদের প্যাভিলিয়নে ১০টি স্টলের মধ্যে নয়টিই খালি পড়ে আছে ।
এ বিষয়ে ইপিবির ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন বলেন, “তাদের আসার কথা ছিলো। হয়তো মেলার শেষ দিকে যোগ দেবে।”
এ ছাড়া ইপিবির মেলা পরিচালক ও সচিব মো. আমীর হোসেন জানালেন, মাসব্যাপী এই মেলায় বিদেশি প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোই শুরুতে স্থানীয় এজেন্টদের সাহায্য নিয়েছে। মেলার শেষের দিকে তারা নিজেরাই আসবে বলে আশা করছি।’
মাসব্যাপী এই মেলার শেষ দুই সপ্তাহ সাধারণত জমজমাট থাকলেও বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে আসায় শুক্র ও শনিবারসহ সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে বিক্রি ভাল হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
