টিসিবির পণ্য বিক্রি বৃহস্পতিবার থেকে শুরু
ঈদুল আযহা উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকে করে বৃহস্পতিবার থেকে ঢাকার গুরুত্বপুর্ণ ৫০টি স্থানসহ সারা দেশে ন্যায্য দামে মশুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি শুরু করবে।
সারা দেশে বিভিন্ন গুদামে তাদের ১ হাজার মেট্রিক টন চিনি, ১ হাজার ৭০০ মেট্রিক টন ডাল ও প্রায় ৬৫০ লিটার সয়াবিন তেল মজুদ আছে।
টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউর রহমান জানান, ডাল কেজি প্রতি ৫৮ টাকা, চিনি ৩৮ টাকা ও সয়াবিন তেল ৯০০ মিলি ৫০ টাকা এবং ২ লিটার ১১০ টাকা দামে ক্রেতারা কিনতে পারবেন।
সম্প্রতি চিনির দর কমে গেছে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক টিসিবির এক কর্মকর্তা বলেন, “সরকারকে বিষয়টি জানানো হয়েছে। দাম কেজি প্রতি আরও তিন টাকা কমানোর জন্য বলা হয়েছে।”
প্রতি শনিবার আজিমপুর কলোনী, ইস্কাটন গার্ডেন রোড অফিসার্স কলোনী, আগারগাঁও কলোনী, উত্তরা রাজলক্ষী কমপ্লেক্স, মালিবাগ বাজার, বাংলাদেশ ব্যাংক, সেগুনবাগিচা, নবাবগঞ্জ পার্ক ও নবাবপুরে (ধোলাইখাল ক্রসিং) ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি হবে।
রোববারে মানিক মিয়া এভিনিউ টিঅ্যান্ডটি এক্সটেনশন মাঠ, জিগাতলা কলোনী, মিরপুর পল্লবী থানা, উত্তরা ১৩ নং ব্রিজ, রামপুরা ওয়াপদা মোড় রোড, এজিবি কলোনী মতিঝিল, বক্সিবাজার আলিয়া মাদ্রাসা ও লক্ষীবাজারে সোহরাওয়ার্দী কলেজের সামনে টিসিবির ট্রাক যাবে।
সোমবার নিউ মার্কেট, মোহাম্মদপুর শিয়া মসজিদ, কল্যাণপুর বাজার, নিকুঞ্জ মসজিদের পাশে, কুড়িল টিঅ্যান্ডটি কলোনী, আইডিয়াল স্কুলের সামনে, নাজিমউদ্দীন রোড ও শনির আখড়ায় ভ্রাম্যমান ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হবে।
মঙ্গলবারে গ্রীন রোড স্টাফ কলোনী, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, তালতলা কলোনী, মহাখালী ক্যান্সার হাসপাতাল, তেজগাঁও সাতরান্তা মোড়, শাহজাহানপুর রেলওয়ে কলোনী, আর্মানিটোলা মাঠ ও যাত্রাবাড়ী মোড়ে ট্রাক যাবে।
বুধবার সোবহানবাগ কলোনী, কারওয়ান বাজার, মিরপুর ১০ গোলচক্কর, উত্তর বাড্ডা, খিলগাঁও তালতলা বাজার, খিলগাঁও সরকারি কলেজ, চানখার পুল ও গোপীবাগ র্যাব অফিস মোড়ে পণ্য বিক্রি হবে।
প্রতি বৃহস্পতিবার পলাশী বাজার, তেজকুনী পাড়া, পাইকপাড়া, মেরুল বাড্ডা বাজার, রামপুরা টিভি গেট, বাসাবো মাঠ, বংশাল রোড, মতিঝিল ওয়াপদা কলোনীর সামনে টিসিবির ট্রাক থাকবে।
এছাড়া, প্রেস ক্লাব, সচিবালয়ের বিপরীতে আব্দুল গণি রোডে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি হবে।
এ কার্যক্রমের আওতায় ঢাকায় ১০টি, চট্টগ্রামে চারটি, খুলনায় দু’টি ও রাজশাহীতে দু’টি ট্রাকের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, ওএমএস বা খোলা বাজারে পণ্য বিক্রি ৫ ডিসেম্বর থেকে চালু হয়েছে। এর আয়তায় এ পর্যন্ত ঢাকা এলাকায় ১০৭ জন, চট্টগ্রামে ৩, খুলনায় ২৩ ও রাজশাহীতে ২১ জন হিসেবে মাত্র ১৫৪ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে।
