২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়িয়েছে ডিএসই

মন্দাভাব কাটিয়ে বৃহস্পতিবার দুপুরে আবারও চাঙ্গা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 04:44 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বেশ কয়েকটি ব্যাংক, বিদ্যুত ও আর্থিক প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন বেড়ে যাওয়ায় শেয়ার বাজারে তেজি ভাব লক্ষ করা যায়।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় ডিজিইএন বা ডিএসই সাধারণ সূচক আগের দিনের তুলনায় ১৮ দশমিক ৪৩ পয়েন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৫৮৮ দশমিক ৬৪ পয়েন্টে।

ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১২৯৪ দশমিক ৮২ পয়েন্ট থেকে ১৫ দশমিক ৫৭ পয়েন্ট বা ১ দশমিক ২০ শতাংশ বেড়েছে।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয় মিউচুয়াল ফান্ডের শেয়ার।

ডিএসইতে লেনদেনের তালিকায় শীর্ষে ছিল বেসরকারি খাতের প্রথম মিউচুয়াল ফান্ড এইমস। সোয়া ১১টার মধ্যে এইমসের শেয়ার প্রতি দাম দশমিক ৫০ টাকা বেড়ে ১ দশমিক ১২ টাকায় পৌঁছায়। তাদের মোট লেনদেন হয়েছে ৪৫ লাখ ৪০ হাজার টাকা।

এর পরের অবস্থানে থাকে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ সংস্থার মিউচুয়াল ফান্ড গ্রামীণ ওয়ান। এর শেয়ারের দাম ১ টাকা বেড়ে ১৪ দশমিক ৭০ টাকা হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে অবস্থান করা কোম্পানিগুলো ছিল সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি) ও গ্রামীণ ওয়ান।

দুই কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে তালিকার শীর্ষে ছিল সিটি ব্যাংক। যমুনা ব্যাংক এক কোটি ৩৮ লাখ ৬০ হাজার এবং পিজিসিবি এক কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকে।

মোট ৬৫ লাখ সাত হাজার ৬৪টি শেয়ার বেচাকেনার মাধ্যমে ডিএসইর সার্বিক লেনদেনের পরিমাণ ছিল ১৯ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১০৬টির দাম বাড়ে, ১১টির কমে এবং ছয়টির দাম অপরিবর্তিত ছিল।

ডিএসই-২০ ব্লু-চিপ তালিকার পাঁচটি কোম্পানির শেয়ার সূচক দুপুর পর্যন্ত অপরিবর্তিত ছিল। তবে কোনো কোম্পানির শেয়ারের দাম কমেনি।

সকাল সোয়া ১১টা পর্যন্ত ওই তালিকার তিন কোম্পানি ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা ও ঢাকা ব্যাংকের শেয়ারের লেনদেনে তেজি ভাব লক্ষ করা যায়।

এ তিন কোম্পানির শেয়ার প্রতি দাম বেড়েছে যথাক্রমে ৩০ দশমিক ৭৫, সাড়ে ২২ ও সাড়ে ১৫ টাকা।