২ টাকার ২০ কোটি নতুন কয়েন আসছে
ছেঁড়া ও জীর্ণ ২ টাকার নোটের বদলে সরকার ২০ কোটি নতুন দুই টাকার কয়েন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। মঙ্গলবার সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের এক প্রস্তাবে বলা হয়, “এতে অতিরিক্ত ২৯ কোটি টাকা প্রয়োজন হবে।”
না প্রকাশ না করে অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি খুব দ্রুত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে।”
তিনি জানান, স্টেইনলেস স্টিলের এই কয়েন কাগজের নোটের জায়গায় প্রতিস্থাপন করা হবে, যা নিয়ে প্রায়ই ব্যবহারকারীদের মধ্যে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়।
অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, “সরকার দীর্ঘদিন থেকেই নতুন দুই টাকার কাগজের নোট ছাপাচ্ছে না, কারণ কাগজের নোটের ব্যবহার দিনে দিনে কমিয়ে আনা হবে এবং এক পর্যায়ে তা বাজার থেকে তুলে নেওয়া হবে।”
মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর সরকার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে বলেও তিনি জানান।
বর্তমানে ২৫ পয়সা, ৫০ পয়সা, এক টাকা, দুই টাকা এবং পাঁচ টাকার কয়েন বাজারে রয়েছে।
