২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণখেলাপিদের ঠেকাতে আইনজীবী নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

ঋণখেলাপিরা যাতে আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জ্যেষ্ঠ ও দক্ষ আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এই প্রত্যাশা থেকেই ঋণখেলাপিদের আগামী সাধারণ নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে আমরা এ নির্দেশ জারি করেছি।”

জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের অংশ নেওয়ার অনুমোদন নেই। কেন্দ্রীয় ব্যাংক নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের কাছে প্রার্থীদের ঋণ গ্রহণ সংক্রান্ত প্রতিবেদন সরবরাহ করছে।

নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ঋণখেলাপিদের হাইকোর্টে রিট আবেদন দায়ের করার প্রবণতার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, হাইকোর্টে রিট আবেদন দায়ের করে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) থেকে খেলাপি হিসেবে নিজেদের নাম কাটানোর জন্য নিষেধাজ্ঞা জারির মাধ্যমে ঋণ সুবিধাসহ অন্যান্য সুবিধা গ্রহণ করছেন।

ঋণখেলাপিরা যাতে হাইকোর্টের নিষেধাজ্ঞা ব্যবহার করে এ ধরনের সুবিধা নিতে না পারেন সেজন্য জ্যেষ্ঠ ও দক্ষ আইনজীবীদের নিয়োগ দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাসহ অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগ সব তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে ব্যাংকগুলো কোনও ‘শৈথিল্য/গাফিলতি’ দেখালে সেজন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ দায়ি থাকবে বলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে।

কয়েকটি সূত্র জানিয়েছে, সিআইবির খেলাপি তালিকা থেকে নিজেদের নাম কাটিয়ে নেওয়ার জন্য কয়েকজন সাবেক সাংসদ ইতোমধ্যে হাইকোর্টের স্থগিতাদেশ পেয়ে গেছেন।

ব্যাংকের সূত্রগুলো জানায়, আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তদবির শুরু করেছেন।

ব্যাংকগুলো যোগ্য আইনজীবীদের নিয়োগ দিলে তারা তিন দিনের মধ্যে এসব স্থগিতাদেশ প্রত্যাহার করতে পারবেন।

হাইকোর্টের স্থগিতাদেশের কারণে বর্তমানে শতাধিক খেলাপি ঋণের মামলা ঝুলে আছে।