নানা অনিয়ম চলছে বাণিজ্য মেলায়
বাণিজ্য মেলায় শুরু হয়েছে নানা ধরনের অনিয়ম। এর মধ্যে অন্যতম হলো নিজেদের নামে বরাদ্দ পাওয়া স্টল অন্যের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া ও বিক্রেতাদের ভ্যাট ফাঁকি ইত্যাদি।
মেলায় দর্শণার্থীর সংখ্যা বাড়লেও বিক্রেতাদের মধ্যে হতাশা দেখা দেওয়ায় খরচ পোষাতে অনেকেই, বিশেষ করে তৈরি পোশাক বিক্রেতারা স্টল অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে শুরু করেছেন।
আপন ফ্যাশন এর স্বত্বাধিকারী মাহবুব আলী জানান, “গত বছরের প্রথম ১০ দিনে প্রায় তিন লাখ টাকার পণ্য বিক্রি করতে পেরেছিলেন তিনি। কিন্তু এবার এ পর্যন্ত বিক্রি ৫০ হাজারেও পৌঁছায়নি। ভাবছি সামনের অংশটুকু কোনো খাবার অথবা ইমিটেশন ব্যাবসায়ীর কাছে ভাড়া দিয়ে দেবো।”
ভাড়ার জন্য কেউ যোগাযোগ করেছিলো কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, “চারজন এসেছিল, তবে এখন পর্যন্ত কারও সঙ্গে দরে বনেনি।”
ড্রিজেল গার্মেন্টসের এক কর্মচারী তার নতুন ভাড়াটের নাম জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “বৃহস্পতিবার থেকে তাদের দোকানের সামনের অংশে আরেকজন ইমিটেশন ব্যাবসায়ী বসবেন।”
তবে এ বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তদন্ত অফিসার গোলাম সামদানীকে প্রশ্ন করা হলে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
এদিকে মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক খুচরো পর্যায়ের দোকানীর তার সারদিনের বিক্রির অর্থ থেকে ১.৫ ভাগ আর খাবারের দোকানগুলোর ১৫ ভাগ ভ্যাট সরকারকে দেওয়ার কথা থাকলেও অধিকাংশই তা মানছে না।
এই প্রতিবেদক এহসানা জুট প্রোডাক্টস লিমিটেড নামে একটি দোকান থেকে ৩০০ টাকায় একটি ব্যাগ কেনার পর রশিদ চাইলে বিক্রেতা আনোয়ারুল কবীর বলেন, “সেক্ষেত্রে আপনাকে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।”
এ বিষয়ে মেলায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের সুপার মো. ইব্রাহিম বলেন, “দোকানদারদের বিল বই ব্যবহারের কথা থাকলেও তারা তা করছেন না। দিন শেষে তারা নিজেদের পছন্দমতো টাকা ভ্যাট হিসেবে ব্যাংকে জমা দিচ্ছেন।”
তিনি বলেন, “আমাদের হিসেব অনুযায়ী সকাল ১০টা-বিকেল ৫টা এবং বিকেল ৫টা-রাত ১০টা পর্যন্ত ন্যূনতম বিক্রি হলেও রেস্তোরাঁসহ ৪১৫টি স্টল থেকে অন্তত ৬০ হাজার করে এক লাখ ২০ হাজার টাকা ভ্যাট ব্যাংকে জমা হওয়ার কথা। কিন্তু মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত জমা পড়েছে ৩৪ হাজার ৩০১ টাকা।”
তবে কাস্টমসের তদন্ত কর্মকর্তা নাইমুল ইসলাম বলেন, “মেলা প্রাঙ্গণে আমাদের মাত্র তিনজন কর্মকর্তা কাজ করছেন। লোকবল কম হওয়ায় আমরা যাচাই করতে পারছি না সবাই ঠিকমতো ভ্যাট দিচ্ছেন কিনা।”
অনিয়ম ঠেকাতে তারা লোকবল বাড়ানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন ইপিবির তদন্ত কর্মকর্তা গোলাম সামদানী।
এদিকে স্থবির হয়ে আছে মেলায় স্থাপিত পোস্ট অফিসটিও। মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করেও পোস্ট মাস্টারের দেখা মেলেনি।
পিয়ন মো. ইউসুফ বলেন, “স্যার স্টাম্প, প্যাড সব তালা মেরে বাইরে গেছেন।”
বেশ কয়েকটি স্টলের মালিক অভিযোগ করে বলেন, “অধিকাংশ সময় পোস্ট অফিসে তালা ঝোলে। প্রয়োজনের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না।”
ইপিবির তদন্ত অফিসার গোলাম সামদানী জানান, পোস্ট অফিসেও লোকবলের অভাব থাকায় এ সমস্যা হচ্ছে।
তিনি বলেন, “সকাল থেকে রাত ১০টা পর্যন্ত আসলে একজনের পক্ষে কাজ করা সম্ভব নয়।”
