উপদেষ্টাদের পদত্যাগের খবরে শেয়ার বাজারে ধ্বস
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের উপদেষ্টা পরিষদ থেকে চারজনের পদত্যাগের খবর আসার পর সোমবার ঢাকার শেয়ার বাজারে ধ্বস নেমেছে। এ খবর দিয়েছেন বাণিজ্য সংবাদদাতা সোহেল পারভেজ।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের উপদেষ্টা পরিষদ থেকে চারজনের পদত্যাগের খবর আসার পর সোমবার ঢাকার শেয়ার বাজারে ধ্বস নেমেছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তাঁর একক সিদ্ধান্তে সেনা বাহিনী মোতায়েনের পর ক্ষুব্ধ চার উপদেষ্টা আকবর আলি খান, হাসান মশহুদ চৌধুরী, সিএম শফি সামি ও সুলতানা কামাল পদত্যাগ করেন।
সোমবার ডিজিইএন বা ডিএসই সাধারণ সূচক আগের দিনের তুলনায় ২৭ দশমিক ১১ পয়েন্ট বা এক দশমিক ৭০ শতাংশ কমে এক হাজার ৫৬৬ দশমিক ৮৪ পয়েন্টে পৌঁছে।
ডিএসই-২০ ব্লু-চিপ শেয়ার সূচক ২৪ দশমিক ৮৪ পয়েন্ট বা এক দশমিক ৭৮ শতাংশ কমে এক হাজার ৩৬৩ দশমিক ১৯ পয়েন্টে পৌঁছে।
ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৫ দশমিক ৯৬ পয়েন্ট বা এক দশমিক ৯৭ শতাংশ কমে দাঁড়ায় এক হাজার ২৯১ দশমিক ৮৯ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহম্মেদ খান বলেন, “শেয়ারের মূল্যসূচকে বড় ধরনের পতনের কারণ খুঁজতে গিয়ে আমরা চার উপদেষ্টার পদত্যাগের খবর জানতে পারি।”
“শেয়ার বাজার অত্যন্ত স্পর্শকাতর। বিভিন্ন বিষয়ে আশা-নিরাশার প্রভাব পড়ে এই বাজারেও। পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে বাজার কখনও থাকে ঊর্ধ্বমুখী, কখনও নিম্নমুখী।”
উপদেষ্টাদের পদত্যাগের খবর শেয়ার বাজারে ছড়িয়ে পড়ার পর দিনের মধ্যভাগে শেয়ার বিক্রির হার হু হু করে বাড়তে থাকে।
অনিশ্চিত রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করে বাজার বিশ্লেষক মঈন আল কাশেম বলেন, “উপদেষ্টা পরিষদের চার সদস্যের পদত্যাগের পর এই পতন অনাকাঙ্খিত ছিল না।”
শেয়ার বিক্রির প্রবণতার কারণে ডিএসইর সার্বিক লেনদেনের পরিমাণ ২১ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৫৬ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকায় পৌঁছায়। আগের দিন এর পরিমাণ ছিল ৪৬ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক লেনদেনের পরিমাণ আগের দিনের ১১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা থেকে ৩১ দশমিক ৯২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকায় পৌঁছায়।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) মোট আট কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার বিক্রি করে লেনদেন তালিকার শীর্ষে ছিল। তবে এর শেয়ারের দাম দুই দশমিক ৯০ শতাংশ কমেছে।
লেনদেনের তালিকায় এর পরেই ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি) এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন (বিআইএফসি)।
আইপিডিসির শেয়ারের দাম দুই দশমিক ৬৯ শতাংশ কমলেও কোম্পানিটি পাঁচ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেনের রেকর্ড করে।
অন্যদিকে বিআইএফসি মোট তিন কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করে। কোম্পানিটির শেয়ারের দাম সাত দশমিক ২২ শতাংশ বেড়ে ১৯৬ টাকা ৭৫ পয়সায় দাঁড়ায়।
লেনদেন তালিকার শীর্ষে অবস্থান করা অন্য কোম্পানির মধ্যে ছিল যমুনা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ডেসকো, এক্সিম ব্যাংক, প্রাইম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক। তবে সবগুলো কোম্পানির শেয়ারের দাম আগের দিনের চেয়ে কমেছে।
শেয়ারের দাম বাড়ার তালিকায় শীর্ষে ছিল বিআইএফসি, পেপার প্রসেসিং ও তৃপ্তি।
দাম কমার তালিকায় ছিল ডেল্টা স্পিনিং, আইসিবি এএলসিএল প্রথম মিউচুয়াল ফান্ড ও আইএফআইসি ব্যাংক।
অন্যদিকে সিএসইতে ব্যাংক, তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও সিমেন্ট খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।
সিএএসপিআই বা সাবিক শেয়ার মূল্য সূচক এক দশমিক ৫৮ শতাংশ কমে তিন হাজার ৬৬৫ দশমিক ৪৭ পয়েন্টে পৌঁছে।
সিএসই-৩০ শেয়ারের দাম এক দশমিক ৪৭ শতাংশ কমে তিন হাজার ২৬৩ দশমিক ৪৯ পয়েন্ট এবং সিএসসিএক্স বা বাছাই করা শেয়ার সূচক এক দশমিক ৪২ শতাংশ কমে দুই হাজার ৩৮৩ দশমিক শূন্য নয় পয়েন্টে পৌঁছায়।
ডিএসইতে লেনদেন হওয়া মোট ১৮৬টি শেয়ারের মধ্যে ২৩টির দাম বাড়ে, ১৩৮টির দাম কমে এবং ২৫টির দাম অপরিবর্তিত ছিল।
অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া মোট ৯০টি শেয়ারের মধ্যে আটটির দাম বাড়ে, ৭৭টির দাম কমেছে এবং পাঁচটির দাম অপরিবর্তিত ছিল।
