২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগী উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় বসুন: রাষ্ট্রপতিকে ব্যবসায়ীরা

তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টার পদত্যাগ চলমান রাজনৈতিক সংকট আরো জটিল করে তুলবে বলে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা আশংকা করছেন। সংকট সমাধানে পদত্যাগী উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় বসতে তারা রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

চার উপদেষ্টার পদত্যাগ আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে আরো জটিল করে তুলবে বলেও তারা ধারণা করছেন।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে টেলিফোনে বলেন, “উপদেষ্টাদের পদত্যাগে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে এতে কোন সন্দেহ নেই।”

নাসির হোসেন বলেন, “রাষ্ট্রপতি উপদেষ্টাদের সঙ্গে বসতে পারেন এবং গণতন্ত্রের স্বার্থে তাদের পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ জানাতে পারেন।”

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তার একক সিদ্ধান্তে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার দুই দিনেরও কম সময়ের মধ্যে চার উপদেষ্টা আকবর আলি খান, হাসান মশহুদ চৌধুরী, সিএম শফি সামি এবং সুলতানা কামাল সোমবার সকালে পদত্যাগ করেন।

বিসিআই সভাপতি একে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “রাষ্ট্রপতি দিন দিন বিতর্কিত হয়ে পড়ছেন।”

তিনি বলেন, “এ পরিস্থিতিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্টান অসম্ভব হয়ে পড়তে পারে।”

বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “উপদেষ্টাদের পদত্যাগ নিশ্চিতভাবেই রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে।”