প্রথম তিন মাসে সর্বোচ্চ এডিপি ব্যয়ের রেকর্ড
গত সরকার ২০০৬-০৭ অর্থ বছরের প্রথম তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মোট বরাদ্দের ১৭ শতাংশ ব্যয় করে নতুন রেকর্ড করেছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, ২০০৬-০৭ অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট এডিপির ১৭ শতাংশ বা ৪ হাজার ২শ’ ৯৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এডিপিতে স্থানীয় বরাদ্দের অংশ হিসাবে এ ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ২৫ শতাংশ। চলতি অর্থ বছরের এডিপিতে স্থানীয় বরাদ্দের পরিমাণ ১৭ হাজার ২শ’ ৫০ কোটি টাকা।
অথচ গত অর্থ বছরের একই সময়ে মোট এডিপির মাত্র ৬ শতাংশ ব্যয় করা হয়েছিল।
সম্প্রতি এ ব্যাপারে একটি বৈঠকে নেয়া সিদ্ধান্তের কথা উল্লেখ করে পরিকল্পনা কমিশনের উর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছি এবং বিশেষ করে স্থানীয় বরাদ্দের অংশসহ তহবিল ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, “চলতি অর্থ বছর স্থানীয় বরাদ্দের ২৫ শতাংশ ইতিমধ্যে ব্যয় করা হয়েছে বলে কমিশনের কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।”
এছাড়া বিদেশী তহবিল ব্যয়ের ক্ষেত্রে ধীরগতির জন্যও কমিশন এডিপি বাস্তবায়নকারী সংস্থাগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। এই ব্যয়ের পরিমাণ মাত্র ৪২৩ কোটি টাকা।
চলতি অর্থ বছরের বাজেট বরাদ্দ অনুযায়ী, ২০০৬-০৭ অর্থ বছরের এডিপির মোট ২৬ হাজার কোটি টাকার মধ্যে ১৭ হাজার ২শ’ ২৫০ কোটি টাকা স্থানীয় সম্পদ থেকে এবং বাকি ৮ হাজার ৭শ’ ৫০ কোটি টাকা বিদেশী তহবিল থেকে সংস্থান করা হবে।
গত অর্থ বছরে এডিপি বরাদ্দের পরিমাণ ছিল ২১ হাজার ৫শ’ কোটি টাকা।
পরিকল্পনা কমিশন জানায়, চলতি অর্থ বছর এডিপিতে ৮৮৬ টি প্রকল্প অন্তর্ভূক্ত করা হয়েছে। এর মধ্যে ৪২৯ টি নতুন।
অক্টোবরের শেষ দিন পর্যন্ত ১১০ টি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এছাড়া পাঁচটি সংশোধিত প্রকল্পসহ আরো ৩০ টি প্রকল্প ইতিমধ্যে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে অবকাঠামোগত, কৃষি, আর্থ-সামাজিক, শিল্প ও বিদ্যুত খাত সম্পর্কিত ১৭ টি প্রকল্প রয়েছে।
এছাড়া পরীক্ষা-নিরীক্ষার পর কমিশন ১৭ টি প্রকল্পের অনুমোদন স্থগিত রাখার সুপারিশ করেছে।
এ ব্যাপারে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক খলিকুজ্জামান আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এডিপি বাস্তবায়নের নামে একটি বিদায়ী সরকার গণহারে অর্থ ব্যয় করবে এটাই স্বাভাবিক ছিল।”
তিনি বলেন, “তারা (সরকার) খুব দ্রুত অর্থ ব্যয় করেছে এবং এর অধিকাংশই ছিল থোক বরাদ্দ বলে আমার ধারণা।”
