২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফটা মন্ত্রীদের বৈঠক কাঠমান্ডুতে করার প্রস্তাব বাংলাদেশের

চলতি মাসে ঢাকায় সাফটার পূর্বনির্ধারিত মন্ত্রী পর্যায়ের বৈঠকটি আগামী ফেব্রুয়ারির শেষে অথবা মার্চে কাঠমান্ডুতে অনুষ্ঠানের প্রস্তাব করেছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে একথা জানা গেছে।

একইসঙ্গে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফটা বিশেষজ্ঞ কমিটির দ্বিতীয় বৈঠক এবং লাহোরে শুল্কমুক্তকরণ সংক্রান্ত কমিটির বৈঠকের স্থানও পরিবর্তন করে জানুয়ারির দ্বিতীয় সপ্তায় কাঠমান্ডুতে অনুষ্ঠানের প্রস্তাব দেয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকগুলোর স্থান পুনর্নিধারণের বিষয়ে বাণিজ্য উপদেষ্টা আকবর আলী খান সম্মতি জানিয়েছেন এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি।”

কর্মকর্তা আরো বলেন, “১ অক্টোবর দায়িত্ব নেয়ার পর সংশ্লিষ্ঠ উপদেষ্টা একদিন মাত্র বাণিজ্য মন্ত্রণালয়ে অফিস করেছেন। আগামী নির্বাচন নিয়ে ব্যস্ততার কারণে তিনি সাফটার মন্ত্রী পর্যায়ের মতো গুরুত্বপূর্ণ একটি বৈঠকের আয়োজক হতে পারছেন না।”

সাফটাভুক্ত দেশগুলোর মন্ত্রীদের কাউন্সিল (সাফটা মিনিস্ট্রিয়াল কাউন্সিল বা এসএমসি) সংস্থাটির নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম। এসএমসিতেই সবগুলো চুক্তির পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশ বর্তমানে এসএমসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। প্রতিবছর অন্তত একবার এই কাউন্সিলের বৈঠক আয়োজনের বিধান রাখা হয়েছে। এছাড়া সদস্য দেশেগুলোর প্রয়োজনে আরও বৈঠক হতে পারে। চলতি বছরের এপ্রিলে ঢাকায় এসএমসির প্রথম বৈঠক বসে।

২০০৬ সালের ১ জানুয়ারি ৭টি সদস্য দেশের জোট সাফটা আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও ভারত ও পাকিস্তানের মধ্যে শুল্কমুক্ত পণ্য রপ্তানিসহ কিছু অমীমাংসিত বিষয়ের জন্য এর অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, “ভারত ও পাকিস্তানের মধ্যকার সমস্যাগুলো মন্ত্রী পর্যায়ের বৈঠক ছাড়া অন্য কোনোভাবে নিরসন সম্ভব নয়।”

এসএমসির আগামী বৈঠকে এই বিষয়টি ছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য বাড়াতে প্রতিটি দেশের স্পর্শকাতর পণ্য তালিকার পর্যালোচনা এবং ক্রমান্বয়ে সেগুলোর পরিমাণ কমিয়ে আনার বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচিত হবে।

এছাড়া শুল্কমুক্ত বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখতে গঠিত উপ-কমিটির কার্যক্রম নিয়েও আলোচনা করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়।