২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সমঝোতার আভাসে ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার

রাজনৈতিক সঙ্কট কেটে যাওয়ার আভাসে মঙ্গলবার স্বস্তির সুবাতাস বয়ে গেছে শেয়ার বাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

প্রাতিষ্ঠানিক ও খুচরা বিনিয়োগকারীদের কাছে পিজিসিবির শেয়ারের চাহিদা ছিল বাড়বাড়ন্ত

সর্বোচ্চ লেনদেনের দিক থেকেও গত তিনদিনের মধ্যে বাজারে সেরা দিন ছিল মঙ্গলবার।

শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জেই (ডিএসই) নয়, মঙ্গলবার লেনদেন বেশি হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ আগের দিনের ৪৩ কোটি ৭৯ লাখ ৩০ হাজার থেকে টাকা থেকে ৩৬ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫৯ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকায়।

সিএসইতে সোমবারের লেনদেন ছিল আট কোটি ৫১ লাখ ১০ হাজার টাকা। মঙ্গলবার তা ৬২ দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৩ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকায়।

শেয়ার বাজার বিশ্লেষক মঈন আল কাসেম জানান, “রাজনৈতিক অঙ্গণে ভালো খবরের আশায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।”

তিনি বলেন, ১৪ দলের অবরোধ স্থগিত এবং নির্বাচন কমিশন পুনর্গঠনে তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগ বিনিয়োগকারীদের আশার আলো দেখিয়েছে।

ডিএসইর সাধারণ সূচক ছয় দশমিক ৩৪ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ বেড়ে আগের দিনের এক হাজার ৫৭৪ দশমিক ৮০ থেকে এক হাজার ৫৮১ দশমিক ১৪ তে দাঁড়ায়।

ডিএসই-২০ সূচক নয় দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ বেড়ে এক হাজার ৩৬৩ দশমিক ১৮ তে দাঁড়ায়।

সার্বিক সূচক এক হাজার ৩০৫ দশমিক ৩৫ থেকে দুই দশমিক ৯৭ বা দশমিক ৩০ শতাংশ বেড়ে এক হাজার ৩০৯ দশমিক ৩৩ এ দাঁড়িয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের (পিজিসিবি) সাত লাখ ৭১ হাজার ১৫০টি শেয়ার মোট ১৯ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকায় লেনদেনের মাধ্যমে তাদের শীর্ষত্ব অক্ষুণœ রেখেছে।

পিজিসিবির শেয়ারের দাম ডিএসইতে তিন দশমিক ৪৬ শতাংশ এবং সিএসইতে সাত দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।

পিজিসিবির বিক্রয় প্রতিনিধি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী ইফতেখার-উজ-জামান বলেন, “বিদ্যুৎ খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণের বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে।”

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পাশাপাশি বিদ্যুৎ খাত বিদেশি বিনিয়োগকারীদেরও আকৃষ্ট করেছে।

লেনদেনের দিক থেকে পিজিসিবির পরেই ছিল ডেসকো, আইপিডিসি ও সামিট পাওয়ার।

তবে ডেসকোর শেয়ারের দাম দশমিক ৮৬ শতাংশ বাড়লেও সামিট পাওয়ার এবং আইপিডিসির শেয়ারের কমেছে যথাক্রমে দশমিক ৭২ এবং দশমিক ৭৬ শতাংশ।

দাম বাড়ার দিক থেকে মঙ্গলবার শীর্ষে ছিল যথাক্রমে মেঘনা পেট, বাংলাদেশ ওয়েল্ডিং এবং মেঘনা কনডেন্সড মিল্ক।

দাম কমে যাওয়ার দিক থেকে শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে যথাক্রমে গাল্ফ ফুড, জার্মান বাংলা ফুড ও মেঘনা শ্রিম্প।

ডিএসইতে লেনদেন হওয়া ১৮৬টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ৬৮টির এবং দাম অপরিবর্তিত ছিল ২৯টির।

এদিকে জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতের বদৌলতে সিএসইতে সার্বিক সূচক দশমিক ৩৯ শতাংশ বেড়ে তিন হাজার ৬৩৯ দশমিক ৯৬ এ দাঁড়িয়েছে।

সিএসই-৩০ সূচক সোমবারের চেয়ে বেড়েছে দশমিক ৩৯ শতাংশ এবং বাছাই ৩০ সূচক বেড়েছে দশমিক ৪৯ শতাংশ।

সিএসইতে লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত ছিল ১০টির।