রাতের পালা থেকে বন্দর সম্পূর্ণ অচল
১৪ দলের অবরোধের কারণে চট্টগ্রাম বন্দরে রোববার রাতের পালা (রাত ৮টা) থেকে সিসিটিতে ৩টি ক্রেনবিহীন জাহাজ ছাড়া বাকি সব জাহাজ ও ইয়ার্ডে পণ্য উঠানামাসহ যাবতীয় কাজ বন্ধ হয়ে গেছে।
১৪ দলের চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়কারী ও সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নির্দেশে ডক শ্রমিকরা কাজ না করায় বন্দর পুরোপুরি অচল হয়ে যায়। এর আগে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ থাকলেও বন্দরের ভেতরে যথারীতি কাজ চলে।
বন্দরের শ্রমিক সরবরাহকারী সংস্থা বিএমএসএ এর চেয়ারম্যান এএইচএম মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আমরা রাতের পালায় গ্যাং বুকিং দিতে চাইলেও ডক শ্রমিকরা তা মানেনি। স্বাভাবিক কারণেই রাতের পালা থেকে বন্দরে কাজ বন্ধ থাকবে।” বিএমএসএ এর চেয়ারম্যান আরও বলেন, রাজনীতির কারণে বন্দরের কাজ বন্ধ করে দেওয়া উচিত নয়। জাতীয় অর্থনীতির স্বার্থেই বন্দরকে সচল রাখা দরকার।
এদিকে চট্টগ্রামে অবরোধের প্রথমদিন শান্তিপূর্ণভাবে পার হয়েছে। বন্দরের নিমতলা এলাকায় একটি বেসরকারি ট্রাক টার্মিনালের সামনে অবরোধকারীদের হাতে ৩টি ট্রাক ভাংচুর ছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধকালে ১৪ দল পাহাড়তলীর এ কে খান গেইট, নিমতলা বিমান চত্বর ও বারিক বিল্ডিং মোড়ে এবং ৪ দল কাজির দেউড়ী মোড়ে সমাবেশ করে।
১৪ দলের ৩টি সমাবেশে মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, সুষ্ঠুু পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত এদেশে কোন নির্বাচন হবে না। এজন্য তিনি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের চট্টগ্রামে নির্বাচনী কার্যালয়ে প্রবেশ না করার আহবান জানান।
অপরদিকে, কাজির দেউড়ী মোড়ে সমাবেশে ৪ দলের নেতারা ১৪ দলের অবরোধ কর্মসূচিকে দেশ ধ্বংসের ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করেন। তারা অভিযোগ করেন, ১৪ দল অবরোধসহ বিভিন্ন পাঁয়তারার মাধ্যমে নির্বাচন বানচাল করতে উঠেপড়ে লেগেছে। সমাবেশে বিএনপি নেতা দস্তগীর চৌধুরী, এম এ সবুর, আবু সুফিয়ানসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।
