শেয়ার বাজারে আবার আশা
ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশের (আইপিডিসি) হাত ধরে শেয়ার বাজারে রোববার আবার আশার সঞ্চার হয়েছে।
প্রস্তাবিত ২০০ টাকার আইপিডিসির শেয়ারের দাম ৭১ দশমিক ৬২ শতাংশ বেড়ে দিন শেষে ৩৪৩ দশমিক ৬২ টাকায় দাঁড়ায়।
এইমস অব বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাঈদ বলেন, “১৪ দলীয় জোটের অবরোধের প্রভাবে বাজার স্তিমিত হয়ে আসে। তবে বিনিয়োগকারীদের দিক থেকে আইপিডিসির শেয়ারের প্রতি দারুণ আগ্রহের কারণে বাজার পরিস্থিতি ছিল ইতিবাচক।”
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক রোববার ১৬ দশমিক ৮৮ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ১ হাজার ৫৪৪ দশমিক ১৭ তে দাঁড়ায়। এর আগে বৃহস্পতিবার তা ছিল ১ হাজার ৫২৭ দশমিক ২৯।
ভালো মানের সূচক হিসেবে পরিচিত ডিএসই-২০ সূচক তিন দশমিক ৬৯ বা দশমিক ২৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩২৮ দশমিক ৪৬।
ডিএসই সার্বিক সূচক দিন শেষে এক হাজার ২৮০ দশমিক শূন্য ১ এ দাঁড়ায়। সূচক উন্নীত হয় ১২ দশমিক শূন্য তিন পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ।
লিজিং কোম্পানি আইপিডিসির শেয়ারের দাম প্রথমে ৩০৫ টাকায় দাঁড়ালেও এক লাফে তা উঠে যায় ৩৫৬ টাকায় এবং দিন শেষে ৩৪৩ দশমিক ২৫ টাকায় দাঁড়ায়।
আইপিডিসি এর এক লাখ ৭৪ হাজার ৭০০টি শেয়ার মোট পাঁচ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকায় বিক্রির মাধ্যমে শেয়ার লেনদেনের শীর্ষে থাকে।
‘মূলধনের ভিত্তি এবং তারল্য জোরদার করতে’ গত সেপ্টেম্বরে আইপিডিসি বাজারে শেয়ার ছাড়ে। ১০০ টাকা প্রিমিয়ামসহ আইপিডিসির প্রস্তাবিত মূল্য ছিল ২০০ টাকা।
মোট ৬১ লাখ ৭০ হাজার ১৪০টি শেয়ারের মধ্যে ১৩ লাখ ৯০ হাজার শেয়ার বাজারে ছাড়ে আইপিডিসি।
শেয়ারের লেনদেনের দিক থেকে শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে ডেসকো, গ্রামীণ ১, সিটি ব্যাংক ও সামিট পাওয়ার।
এর মধ্যে গ্রামীণ ১ শেয়ারের দাম পাঁচ দশমিক ৬৪ শতাংশ এবং ডেসকোর শেয়ারের দাম এক দশমিক ২১ শতাংশ বাড়ে। তবে সিটি ব্যাংকের শেয়ারের দাম দশমিক শূন্য চার ও সামিট পাওয়ারের শেয়ারের দাম দশমিক ১৮ শতাংশ কমে।
ডিএসইতে রোববার সবচেয়ে বেশি লাভ করে গালফ ফুডস, আইপিডিসি ও মিথুন নিটওয়্যার।
অন্যদিকে লোকসান দেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ লাগেজ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
রোববার ডিএসইর লেনদেন ছিল ২৭ কোটি ২১ লাখ টাকা। বৃহস্পতিবার এর পরিমাণ ছিল ২১ কোটি ২০ লাখ তিন হাজার টাকা।
ডিএসইর মোট ১৭৭টি শেয়ারের মধ্যে দাম বাড়ে ১০৮টির, দাম কমে ৪৫টির এবং ২৪টি দাম অপরিবর্তিত থাকে ।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার সার্বিক শেয়ার সূচক দশমিক ৬৭ শতাংশ উন্নীত হয়ে তিন হাজার ৬১৬ দশমিক ৪৭ এ দাঁড়ায়।
ভালো মানের শেয়ার হিসেবে পরিচিত সিএসই-৩০ সূচক এবং বাছাই ৩০ সূচক আগের দিনের তুলনায় যথাক্রমে দশমিক ৪৫ শতাংশ এবং দশমিক ৮০ শতাংশ উন্নীত হয়।
সিএসইতে মোট ৬৪টি শেয়ারের মধ্যে দাম বাড়ে ৩৬টির, দাম কমে ২২টির এবং ছয়টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।
