ব্যাংক ও অর্থপ্রতিষ্ঠানগুলোর একীভূতকরণে খসড়া দিকনির্দেশনা
ব্যাংক এবং অর্থপ্রতিষ্ঠানগুলোর একীভূতকরণ এবং অধিগ্রহণের জন্য একটি খসড়া দিকনির্দেশনা করা হয়েছে।
অবশ্য বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এ নির্দেশনা কোনও বাধ্যবাধকতা নয়।”
খসড়া নির্দেশনার ব্যাপারে মন্তব্য চেয়ে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এ দিকনির্দেশনা পাঠিয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ ব্যাপারে তাদের মতামত জানানোর অনুরোধ জানানো হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, “তাদের পর্যবেক্ষণ পাওয়ার পর আমরা এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করতে পারি।”
কেন্দ্রীয় ব্যাংকের খসড়া দিকনির্দেশনা অনুসারে বিভিন্ন ব্যাংক, অর্থ প্রতিষ্ঠান এবং ঋণদানকারী সংস্থাগুলোর মধ্যে একীভূতকরণ প্রক্রিয়া চলবে।
বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, “তবে কোনও ব্যাংক কোনও আর্থিক প্রতিষ্ঠানের সাথে একীভূতকরণ প্রক্রিয়া চালাতে পারবে না।” এর কারণ হিসেবে তিনি যে বাধার বিষয়টি তুলে ধরেন তা হচ্ছে, ব্যাংকগুলো জনগণের অর্থ নিয়ে কার্যক্রম পরিচালনা করে অন্যদিকে অর্থ প্রতিষ্ঠানগুলো তা করে না।
সম্প্রতি কিছু বেসরকারি এবং বিদেশী ব্যাংক একীভূত হওয়ার ক্ষেত্রে দিকনির্দেশনা না থাকায় বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ নিয়েছে।
ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১ এবং আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ওপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুর্শিদ কুলি খান, উপপরিচালক আনোয়ারুল ইসলাম এবং আইন উপদেষ্টা আহমেদ নাজমীর তত্ত্বাবধানে এ দিকনির্দেশনাটি প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনা অনুযায়ী একীভূত হতে চাইলে আর্থিক এবং আইনি ‘ডিউ ডিলিজেন্স’ শুরু করার জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন চাইতে হবে।
এক্ষেত্রে পরিবর্তনকামী কোম্পানিগুলোকে সম্পদ ও দায়ের ‘ডিউ ডিলিজেন্সের’ জন্য ব্যবসায়িক পটভূমি, সম্পদ, আইনজীবীদের দল, আর্থিক উপদেষ্টা এবং চার্টার্ড একাউন্টেন্ট (সনদপ্রাপ্ত হিসাবরক্ষক) সংক্রান্ত কাগজপত্র দাখিল করতে হবে।
দলটি ‘ডিউ ডিলিজেন্স’ প্রতিবেদনের একটি অনুলিপি বাংলাদেশ ব্যাংকের কাছে দাখিল করতে। প্রতিবেদনে জামানতসহ এবং জামানতহীন ঋণের পরিমাণ, এসবের মূল্যের পরিমাণ, দু’টি কোম্পানি একীভূত করার ফল, এসব প্রতিষ্ঠানের ঋণদাতা, শেয়ারহোল্ডার এবং আমানতকারীদের সম্পর্কে বিস্তারিত বিবরণ থাকতে হবে।
একীভূত হওয়ার জন্য কোম্পানিগুলোর তিন বছরের বার্ষিক প্রতিবেদন, আর্থিক ফলাফল, একীভূত হওয়ার পর সমন্বিত স্থিতির পরিমাণ সংক্রান্ত কাগজপত্রও অন্তর্ভুক্ত করতে হবে।
একীভূত হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভের তিন মাসের মধ্যে কোম্পানিগুলোকে হাইকোর্টে আবেদন করতে হবে।
