বাজার হারানোর মতো কর্মসূচি নেওয়া উচিত নয়: রাষ্ট্রপতি
তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ শনিবার বলেছেন, এমন কোন কর্মসূচি গ্রহণ করা উচিত নয়, যাতে রপ্তানি বাজার সম্প্রসারণের কার্যক্রম ব্যাহত হয় এবং দেশ আন্তর্জার্তিক বাজার হারায়।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত ১২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। মেলা চলবে এক মাস ধরে।
ব্যবসা বাণিজ্যের উন্নয়নে স্থিতিশীল পরিবেশের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে একবার বাজার হারালে তা উদ্ধার করা অত্যন্ত কষ্টকর।
“বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতা ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের রপ্তানি বাণিজ্য বেড়েছে,” উলে¬খ করে রাষ্ট্রপতি বলেন, “এ ধারা অব্যাহত রাখতে নতুন নতুন রপ্তানি পণ্যের উদ্ভাবন, বিদ্যমান বাজার সুসংহতকরণ ও নতুন বাজার সম্প্রসারণ ছাড়া আমাদের সামনে কোন বিকল্প নেই।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আকবর আলি খান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ ও ইপিবি ভাইস চেয়ারম্যান মীর শাহবুদ্দিন আহমেদ।
রাজনৈতিক সংকট সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করে আকবর আলী বলেন, “সাংবিধানিকভাবেই সংকট সমাধান করা সম্ভব বলে আমি আশাবাদী।
তিনি বলেন, সব নেতিকবাচক ঘটনার পেছনেও থাকে অনেক ইতিবাচক বিষয়।
রাজনৈতিক সংকট অর্থনীতির ওপর নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করছে বলে উলে¬খ করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, এ ব্যাপারে কিছু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এরই মধ্যে বাণিজ্য সচিবের নেতৃত্ব একটি কমিটি কাজ শুরু করেছে বলে উলে¬খ করে তিনি বলেন, তবে রাজনৈতিক সংকট প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
দুই নেত্রীকে রাষ্ট্রপতির চায়ের দাওয়াত দেওয়াকে স্বাগত জানিয়ে মীর নাসির হোসেন দ্রুত রাজনৈতিক সংকট সমাধানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহবান জানান।
আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে সব রাজনৈতিক কর্মসূচির আওতার বাইরে রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহবানও জানান।
গত কয়েক বছর ধরে মেলায় বিদেশী প্রতিষ্ঠানের অংশগ্রহণ কমে আসছে। গত বছর বাংলাদেশ ছাড়া ১১ টি দেশ অংশ নিলেও এবছর ৭টি দেশের ৫১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশগুলো হলো মালেশিয়া, ভারত, ইরান, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে ছুটির দিনগুলোতে খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। টিকেটের মূল্য ১০ টাকা। অপ্রাপ্তবয়স্কদের জন্য পাচ টাকা।
মেলায় ৪টি বিশেষ প্যাভিলিয়ন, ৯টি প্রিমিয়াম প্যাভিলিয়ন, ৩৬টি প্যাভিলিয়ন, ৭টি মিনি প্রিমিয়াম প্যাভিলিয়ন, ৩১টি মিনি প্যাভিলিয়ন এবং ২৭৯টি স্টল রয়েছে।
