বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দরকষাকষি করা উচিত: কর্মজীবী নারী
নতুন করে শুরু হওয়া দোহা বাণিজ্য আলোচনায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সমান্তরালভাবে দরকষাকষির নিদের্শনা দেওয়ার জন্য বাণিজ্য উপদেষ্টা আকবর আলি খানের প্রতি আহবান জানিয়েছে কর্মজীবী নারী।
দেশের বিভিন্ন অঞ্চলে ১৬টি সামাজিক সংগঠনের দুই দিনের বাণিজ্য প্রশিক্ষণ শেষে কর্মজীবী নারী আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী পরিচালক শিরিন আখতার এ আহ্বান জানান।
দোহা বাণিজ্য আলোচনা আনুষ্ঠানিকভাবে সাড়ে তিন মাস বন্ধ থাকার পর গত ১৬ নভেম্বর থেকে অনানুষ্ঠানিকভাবে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই সময়ের মধ্যে ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশ মূল সমঝোতার কেন্দ্র চলে আসার প্রেক্ষাপটে কর্মজীবী নারীর পক্ষ থেকে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি এ আহ্বান জানানো হয়।
বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনই তত্ত্বাবধায়ক সরকার মূল দায়িত্ব উল্লেখ করে শিরিন আখতার বলেন, জনগণের দীর্ঘ মেয়াদি স্বার্থ বঞ্চিত হয় এমন বিষয়গুলোর প্রতি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সঠিক দিকনির্দেশনা থাকা উচিত।
এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের গবেষণা পরিচালক জিয়াউল হক মুক্তা।
তিনি বলেন, নতুন করে বাণিজ্য আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও সেলসহ এ সংক্রান্ত কার্যক্রমে লোকবল বাড়ানোর পাশাপাশি এ সংক্রান্ত কার্যক্রমের সুযোগ সুবিধা বাড়ানো উচিত।
বাণিজ্য আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা মোকাবেলা করতে তত্ত্বাবধায়ক সরকারের সদিচ্ছার প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রকৃত সদিচ্ছা থাকলে রাজনৈতিক দলের চেয়েও তত্ত্বাবধায়ক সরকারের ইতিবাচক ভূমিকা নেওয়া অপেক্ষাকৃত সহজতর।
