দ্বিতীয় দিনের মতো শেয়ার বাজার উর্ধ্বমুখী
বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণের কারণে বৃহস্পতিবার শেয়ার বাজারের সূচক দ্বিতীয় দিনের মতো উর্ধ্বমুখী ছিল।
ডিএসইর সাধারণ মূল্যসূচক তিন দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে ১৫২৭ দশমিক ২৯ পয়েন্টে পৌঁছায়।
ডিএসই-২০ ব্লু-চিপ শেয়ারের মূল্যসূচক স্থিতিশীল ছিল। এ সূচক মাত্র শূন্য দশমিক ২০ পয়েন্ট বা দশমিক শূন্য ১৫ শতাংশ বেড়ে ১৩২৪ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়ায়।
ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ছয় দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১২৬৭ দশমিক ৯৭ পয়েন্টে।
এইমস অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক ইওয়ার সাঈদ বলেন, “এ বিষয়ে আনন্দিত হওয়ার মতো কোন খবর নেই। বাজার এখনও চাপের মুখে আছে, যদিও তা আজ (বৃহস্পতিবার) স্থিতিশীল ছিল।”
তিনি রোববার থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অবরোধ কর্মসূচির হুমকির কথা উল্লেখ করে বলেন, “লেনদেনের ক্ষেত্রে অনিশ্চয়তা বিরাজ করছে।”
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে ছিল। কোম্পানিটি পাঁচ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকার মোট দুই লাখ ৩০ হাজার ৪৫০টি শেয়ার বিক্রি করেছে। তাদের শেয়ারের মূল্য দুই দশমিক ৩১ শতাংশ বেড়ে লেনদেন শেষে ২৩১ টাকা ৭৫ পয়সায় পৌঁছে।
পিজিসিবির পরেই লেনদেনের শীর্ষে ছিল ডেসকো, সামিট পাওয়ার ও রূপালী ব্যাংক। ডিসেম্বরের মধ্যে সৌদি যুবরাজ বন্দরের কাছে হস্তান্তরের খবরে ব্যাংকটির শেয়ারের দাম চার দশমিক শূন্য দুই শতাংশ বাড়ে।
ডেসকোর শেয়ারের দাম এক দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৩৯০ টাকা ৫০ পয়সায় পৌঁছে। সামিট পাওয়ারের শেয়ারের মূল্য দুই দশমিক শূন্য দুই শতাংশ বেড়ে ৫৪১ টাকায় দাড়ায়।
এছাড়া হাইডেলবার্গ, স্কয়ার ফার্মা ও লাফার্জ সুরমার শেয়ারের দাম কিছুটা বেড়েছে।
তের শতাংশ নগদ বোনাস ঘোষণার সুবাদে অলিম্পিক দাম বাড়ার তালিকার শীর্ষে ছিল। তালিকার উপরের দিকে ছিল আরও ছিল বাটা সু ও থেরাপিউটিক বাংলাদেশ।
অন্যদিকে এটলাস বাংলাদেশ, দেশ গার্মেন্টস ও মেঘনা শ্রিম্পের শেয়ারের দাম সবচেয়ে কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মোট লেনদেনের পরিমাণ আগের দিন ১৯ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা থেকে বৃহস্পতিবার ২১ কোটি ২০ লাখ তিন হাজার টাকায় পৌঁছায়।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার সার্বিক সূচক আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ৩৫৯২ দশমিক ৯১২ পয়েন্টে দাঁড়ায়।
ভালো মানের শেয়ার হিসেবে পরিচিত সিএসই-৩০ শেয়ারের সূচক শূন্য দশমিক শূন্য দুই শতাংশ বেড়েছে। অন্যদিকে বাছাই শেয়ারের সূচক আগের দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য এক শতাংশ বাড়ে।
ডিএসইতে লেনদেন হওয়া ১৭৫টি শেয়ারের মধ্যে ৮০টির দাম বেড়েছে, ৭১টির দাম কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত ছিল।
অন্যদিকে সিএসইতে মোট লেনদেন হওয়া ৭৫টি শেয়ারের মধ্যে ৪৭টির দাম বেড়েছে, ২৩টির দাম কমেছে এবং পাঁচটির মূল্য অপরিবর্তিত ছিল।
