তিনদিন পর ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার
চলতি সপ্তাহে টানা তিনদিন ধরে মূল্যসূচক পতনের পর বুধবার আবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার।
বিশেষ করে বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় শেয়ারের কারণেই শেয়ার বাজারের এ পরিবর্তন ঘটেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মোট লেনদেনের পরিমাণ আগের দিনের ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার থেকে ৪৯ দশমিক ৯১ শতাংশ কমে ১৯ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকায় এসে দাঁড়ায়।
ডিএসই সাধারণ সূচক ১ হাজার ৫০৩ দশমিক ৬৩ থেকে ২০ দশমিক ২২ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১ হাজার ৫২৩ দশমিক ৮৬ তে দাঁড়ায়।
ভালো মানের শেয়ার হিসেবে পরিচিত ডিএসই-২০ ব্লু-চিপ সূচক আগের দিনের ১ হাজার ৩২৪ দশমিক ৫৬ থেকে ১৭ দশমিক ৭১ পয়েন্ট বা ১ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পায়।
এদিকে ডিএসইর সার্বিক সূচকের উন্নতি হয়েছে ১৫ দশমিক ৩১ পয়েন্ট বা ১ দশমিক ২২ শতাংশ।
লেনদেনে শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) শেয়ারের দাম ৪ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ২২৬ দশমিক ৫ টাকা। লেনদেনের দিক থেকে পিজিসিবির পরেই ছিল ডেসকো এবং ইউসিবিএল।
দিনশেষে পিজিসিবির ১ লাখ ৮৪ হাজার ৯০০ শেয়ারের বিপরীতে লেনদেনের মোট পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ডেসকোর লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকা।
ডেসকোর শেয়ারের দাম আগের দিনের চেয়ে ২ দশমিক ৬০ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৮৪ দশমিক ৫০ টাকা।
বাজার মূলধনের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম ২ দশমিক ৫৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ হাজার ২৭৬ দশমিক ৭৫ টাকা।
এ ছাড়া ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ২১ শতাংশ বেড়ে ৩ হাজার ৪৫০ দশমিক ২৫ টাকা, পূবালী ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ৭৯৬ দশমিক ৭৫ টাকায় দাঁড়ায়।
বাজার মূলধনের ১৮ শতাংশের অধিকারী দুটি কোম্পানি লাফার্জ সুরমা এবং রূপালী ব্যাংকের শেয়ারের দাম সামান্যই বেড়েছে।
ডিএসই শেয়ার বাজারে দাম বাড়ার দিক থেকে শীর্ষে ছিল মেঘনা শ্রিম্প, মোনা ফুড এবং পিজিসিবি। অন্যদিকে লোকসানের দিক থেকে শীর্ষে ছিল নিলয় সিমেন্ট, গাল্ফ ফুড এবং বেঙ্গল বিস্কুট।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বুধবার সার্বিক সূচক আগের দিনের চেয়ে দশমিক ৯৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৮০ দশমিক ৯৩ এ দাঁড়ায়।
ভালো শেয়ার হিসেবে পরিচিত সিএসই ৩০ সূচক উন্নীত হয়েছে ১ দশমিক ০৯ শতাংশ এবং বাছাই শেয়ারের সূচক উন্নীত হয়েছে ১ দশমিক ০৬ শতাংশ।
ডিএসইতে বুধবার মোট লেনদেন হয়েছে ১৯৬ টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১২৭ টির, দাম কমেছে ৪৬ টির এবং দাম অপরিবর্তিত ছিল ২০টির।
সিএসইতে মোট লেনদেন হওয়া ৬৮ টি শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৪৬ টির, দাম কমেছে ২০ টির এবং দাম অপরিবর্তিত ছিল মাত্র দুটির।
