অবরোধ কর্মসূচির ছোঁয়া শেয়ার বাজারেও
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের চতুর্থ দফা লাগাতার অবরোধের ঘোষণার ধাক্কা মঙ্গলবার শেয়ার বাজারেও লেগেছে। খুচরা বিনিয়োগকারীদের বিক্রির চাপে তৃতীয় দিনের মতো শেয়ারের দাম পড়ে যাওয়া অব্যাহত থাকে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ শেয়ারের মূল্যসূচক ৩৩ দশমিক ২৩ পয়েন্ট বা ২ দশমিক ১৬ শতাংশ নেমে ১ হাজার ৫০৩ দশমিক ৬৩ এ দাঁড়ায়।
ভালো মানের শেয়ার (ব্লু চিপ) হিসেবে পরিচিত ডিএসই ২০ এর মূল্যসূচক আগের দিনের ১ হাজার ৩৩৬ দশমিক ৬৩ থেকে মঙ্গলবার ২২ দশমিক ৯৯ পয়েন্ট বা ১ দশমিক ৭২ শতাংশ নেমে যায়।
সার্বিক শেয়ারের মূল্যসূচক সোমবারের ১ হাজার ২৭৪ দশমিক ৩০ থেকে ২৮ দশমিক ২৪ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ নেমে গিয়ে ১ হাজার ২৪৬ দশমিক ০৫ এ দাঁড়ায়।
নির্বাচনী তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৪ দলের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচির কথা উল্লেখ করে লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, “রাজনৈতিক সঙ্কটের কারণে আমরা আস্থা হারিয়েছি।”
ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে শেয়ার বাজারে মূল্যপতন ঘটছে বলেও তিনি জানান। সেই তুলনায় বাজারে এদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল না বললেই চলে।
বাজার মূলধনের দিক থেকে শীর্ষ স্থানীয় কোম্পানি লাফার্জ সুরমা, রূপালী ব্যাংক, স্কয়ার ফার্মা এবং ইসলামি ব্যাংকের মতো কোম্পানিগুলোর শেয়ারের দাম আগের দিনের চেয়ে কমে যায়।
লাফার্জের শেয়ারের দাম ২ দশমিক ৭৬ শতাংশ কমে ৩৮৭ দশমিক ৫০ টাকায় নেমে যায়। রূপালী ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৭৭ শতাংশ কমে ১ হাজার ৬৯৯ দশমিক ৭৫ টাকায় নেমে যায়। স্কয়ার ফার্মার শেয়ারের দাম ১ দশমিক ১৯ শতাংশ কমে ২ হাজার ২২০ টাকায় এবং ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ৪৮ শতাংশ কমে ৩ হাজার ৪০৮ দশমিক ৭৫ টাকায় নেমে যায়।
মূল্যসূচকের পতন ঘটলেও বাজারে আগের দিনে যেখানে মোট লেনদেন ছিল ২৮ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা সেখানে মঙ্গলবার মোট লেনদেন ছিল ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা।
শেয়ার বাজারে লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল পিজিসিবির শেয়ার। পিজিসিবির মোট ৪ লাখ ১৯ হাজার ৫০ টি শেয়ার ৯ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়। তবে তাদের শেয়ারের দাম আগের চেয়ে ৬ দশমিক ৩৯ শতাংশ নেমে যায়। সিটি ব্যাংকের শেয়ারের দাম পড়ে যায় ২ দশমিক ০৬ শতাংশ।
লেনদেনের দিক থেকে শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে ডেসকো, সামিট পাওয়ার, পূবালী ব্যাংক। এদের শেয়ারের দাম যথাক্রমে ২ দশমিক ০৯, ৩ দশমিক ২৭ এবং ২ দশমিক ২৩ শতাংশ নেমে যায়।
দাম বাড়ার দিক থেকে শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে জিল বাংলা সুগার, টিউলিপ ডায়রি, মাইডাস ফাইন্যান্সিং। লোকসানের দিক থেকে শীর্ষে ছিল রেনউইকজা, পিপলস ইন্সুরেন্স এবং রাসপিট ইন্ক।
এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক শেয়ারের মূল্যসূচক ২ দশমিক ১১ শতাংশ নেমে গিয়ে ৩ হাজার ৫৪৬ দশমিক ০২ এ দাঁড়ায়। ভালো মানের শেয়ার সিএসই ৩০ এবং বাছাই শেয়ারের দাম আগের দিনের চেয়ে যথাক্রমে ১ দশমিক ৮৩ শতাংশ এবং ২ দশমিক ০১ শতাংশ কমে যায়।
ডিএসইতে লেনদেন হওয়া মোট ১৯৬ টি শেয়ারের মধ্যে ২১ টির দাম বাড়ে, দাম কমে ১৫৭ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৭ টির। অন্যদিকে সিএসইতে মোট লেনদেন হওয়া ৭৩ টি শেয়ারের মধ্যে ৩ টির দাম বাড়ে, দাম কমে ৬৫ টির দাম কমে এবং বাকি ৫ টির দাম অপরিবর্তিত থাকে।
