বুধবার থেকে বন্দরের সিসিটি চালুর সম্ভাবনা
চট্টগ্রাম বন্দরে গত ১৭ দিন ধরে অচলাবস্থায় থাকা চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বুধবার থেকে চালু হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে।
বন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার এ বিষয়ে তৈরি পোশাক প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) ও ইপিজেড ইনভেস্টরস ফোরাম নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন।
বেলা ১২টা থেকে বন্দর ভবনের বোর্ড রুমে বিজিএমইএ ও ইপিজেড ইনভেস্টরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে টানা দেড় ঘন্টার বৈঠক শেষে বন্দরের সদস্য (অর্থ) আবুল কাশেম এ সম্ভাবনার কথা জানান।
বৈঠকে বন্দরের সদস্য (প্রকৌশল) ইঞ্জিনিয়ার ড. শাফায়াত হোসেন খান, বিজিএমইএ এর সহ সভাপতি মাহবুব মিন্টু, সাবেক সহ সভাপতি মাহবুব আলী ও সাবেক সহসভাপতি শাহাবুদ্দিনসহ বিজিএমইএ এর অন্যান্য নেতা ও সিইপিজেড গার্মেন্টস মালিকদের অনেকেই উপস্থিত ছিলেন।
একইদিন সকাল ১১টায় বন্দর ভবন গেটে বন্দর জাতীয় শ্রমিক লীগের এক সমাবেশ থেকে শ্রমিক নেতৃবৃন্দ মঙ্গলবার রাতের মধ্যে নিজস্ব অপারেটর দিয়ে সিসিটি চালুর আহবান জানিয়ে বলেন, তা না হলে বুধবার থেকে বন্দর শ্রমিকরা সর্বাত্মক ধর্মঘটে যাবে।
সমাবেশে বন্দর জাতীয় শ্রমিক লীগ, ডক সিবিএ ও নন সিবিএ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে বিজিএমইএ নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের বলেন, “আমরা কোনো চুক্তি বুঝি না। সিসিটিতে কাজ না হওয়ায় আমাদের আমদানি-রপ্তানি পণ্য দীর্ঘদিন ধরে আটকা পড়ে আছে। আমরা কর্তৃপক্ষকে অবিলম্বে কাজ শুরু করতে বলেছি।”
নেতৃবৃন্দ জানান, মঙ্গলবার সন্ধ্যায় বন্দর চেয়ারম্যান ঢাকা থেকে চট্টগ্রাম এসে পৌঁছানোর পর রাতেই সিসিটি পরিচালনায় চুক্তিবদ্ধ সাইফ পাওয়ার টেক ও ডক সিবিএ এর সঙ্গে সংকট নিরসনে বৈঠক করবেন বলে কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিয়েছেন। সেই বৈঠকে যেকোনো একটি উপায় বের করে বুধবার সিসিটি চালু করে দেবেন বলে জানিয়েছেন। বিজিএমইএ নেতৃবৃন্দ হুঁশিয়ার করে দিয়ে বলেন, “এটা না হলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।”
