২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দ্বিতীয় দিনে শেয়ার বাজারে পতন

বিনিয়োগকারীদের মুনাফা উঠিয়ে নেওয়ার প্রবণতার কারণে সোমবার দ্বিতীয় দিনের মতো শেয়ার বাজারে পতন অব্যাহত ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

চলমান রাজনৈতিক অচলাবস্থা বিশেষ করে সোমবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলসহ সমমনা দলগুলোর বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচির প্রভাবে শেয়ার বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

সোমবার ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ কমে গিয়ে ১ হাজার ৫৩৬ এ দাঁড়ায়।

আকর্ষণীয় (ব্লু চিপ) শেয়ারের সূচক নেমে গিয়ে দিনের শেষে ৬ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশে দাঁড়ায়। আগের দিনে তা ছিল ১ হাজার ৩৩৬ দশমিক ৬৩।

ডিএসআই এর সার্বিক মূল্য সূচক ৬ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ৫৩ শতাংশ নেমে দাঁড়ায় ১ হাজার ২৭৪ দশমিক ৩০।

মোট বাজার মূলধনের ৯ দশমিক ২১ শতাংশের অধিকারী লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম কমে যায় দশমিক ২৫ শতাংশ। এদিক থেকে শীর্ষে অবস্থানকারী স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) শেয়ারের দামও সোমবার পড়ে যায়।

স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক এবং পিজিসিবির শেয়ারের দাম যথাক্রমে দশমিক ৯৪ শতাংশ, দশমিক ২৪ শতাংশ, দশমিক ৪৬ শতাংশ এবং ২ দশমিক ১২ শতাংশ কমে। বাজার মূলধনের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের শেয়ারের দামও পড়ে যায়।

সার সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরিফ আতাউর রহমান বলেন, “বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থাকায় শেয়ারের দাম পড়ে গেছে।”

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মুনাফা উঠিয়ে নেওয়ার উদ্যোগ নেয় বলে বাজার সূত্রগুলো জানিয়েছে।

ডিএসই প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ বলেন, সংকটময় রাজনৈতিক পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তা বাজারকে ক্ষতিগ্রস্ত করেছে।

বাজারে লেনদেনের পরিমাণ রোববারের চেয়ে সোমবারে কম ছিল। আগের দিনের লেনদেন ৫৭ কোটি ২ লাখ ১০ হাজার টাকা থেকে সোমবার তা ৫০ দশমিক ৮০ শতাংশ কমে দাঁড়ায় ২৮ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সোমবার সার্বিক সূচক দশমিক ৫০ শতাংশ নেমে যায়। ভালো মানের সিএসই ৩০ শেয়ার এবং সিএসইর ৩০ টি বাছাই শেয়ারের মূল্যসূচক যথাক্রমে দশমিক ২৯ শতাংশ এবং দশমিক ৪৪ শতাংশ নেমে যায়।

ডিএসইতে সোমবারে লেনদেন হওয়া ১৮৬ টি শেয়ারের মধ্যে দাম বাড়ে ৫৬ টির, দাম কমে ১০৩ টির এবং দাম অপরিবর্তিত ছিল ২৭ টি শেয়ারের। এদিকে সিএসইতে সোমবারে লেনদেন হয়েছে মোট ৭৬ টি শেয়ার। এসবের মধ্যে দাম বাড়ে ২৫ টির, দাম কমে ৪৪ টির এবং দাম অপরিবর্তিত ছিল ৭ টি কোম্পানির শেয়ারের।

লেনদেনের দিক থেকে সোমবার এগিয়ে ছিল পিজিসিবির শেয়ার। পিজিসিবি শেয়ারের দাম ২ দশমিক ১২ শতাংশ কমলেও মোট লেনদেন হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টি শেয়ার। মোট লেনদেনের পরিমাণ ছিল ৫ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা।

লেনদেনের দিক থেকে পিজিসিবির পরেই শীর্ষে ছিল সিটি ব্যাংক, ডেসকো, বেক্সটেক্স। তবে ডেসকো এবং সিটি ব্যাংকের শেয়ারের দাম আগের দিনের তুলনায় কিছু বেড়েছে।

দাম বাড়ার দিক থেকে শীর্ষে ছিল দুলামিয়া কটন, রাসপিট ইন্ক (বিডি) এবং মেঘনা পেট। অন্যদিকে লোকসানের দিক থেকে শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে জিল বাংলা সুগার, নর্দার্ন জুট এবং ফার্মা এইড।