রাজনৈতিক অস্থিরতায় কক্সবাজারে ক্ষতি ৩০০ কোটি টাকা
চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন নগরী কক্সবাজারে গত একমাসে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার কক্সবাজারে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ও কোস্ট-ট্রাস্ট আয়োজিত ‘রাজনৈতিক অস্থিরতার কারণে কক্সবাজারের অর্থনীতির ক্ষয়ক্ষতি নিরূপণ, সুপারিশমালা প্রণয়ন ও কর্মসূচি গ্রহণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
বৈঠকে কক্সবাজারের পর্যটনসহ উৎপাদনমুখী ২৮টি খাত নিয়ে আলোচনা করা হয়।
কক্সবাজার হোটেল মোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, হোটেল মোটেল গেষ্টহাউসখাতে একমাসে প্রায় ১৭ কোটি ৪৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। ঈদের পর অবরোধের কারণে কক্সবাজার পর্যটকশূণ্য হয়ে পড়ে।
বৈঠকে সৈকত ঝিনুক হকার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছাইন অবরোধের কারণে প্রতিদিন জনপ্রতি হকারের ৫০০ টাকার ক্ষয়ক্ষতির হিসাব দেন। কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ বলেন, তাদের দৈনিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।
সুপ্রর কক্সবাজার জেলা সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর পরিচালনায় গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, কোস্ট ট্রাস্ট কর্মকর্তা মনির আহমদ শুভ্র, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার হোটেল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার সি-বিচ হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ।
