ড্রেজার দিয়ে পাথর তোলার প্রতিবাদে তেঁতুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলার প্রতিবাদে স্থানীয় পাথর শ্রমিকরা শনিবার বিকেলে বিক্ষোভ করেছে। দুপুরে তারা ডাহুক নদীতে স্থাপিত ড্রেজার ভাংচুরের প্রস্তুতি নিলেও পরে প্রশাসনের অনুরোধে পিছিয়ে আসে।
শ্রমিকদের নেতা মুক্তারুল হক মুকু জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডাহুক নদীতে বিভিন্ন প্রভাবশালী লোকের নামে ৮/১০টি মেশিন বসিয়ে দিন-রাত পাথর তোলা হচ্ছে। তিনি অভিযোগ করেন, পুলিশ ও প্রশাসনকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে পাথর তোলা হচ্ছে। শ্রমিকরা এর প্রতিবাদ করলে তাদের মামলায় ফাঁসানোসহ বিভিন্ন হুমকি দেওয়া হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা শনিবার সকাল থেকে ভজনপুর চৌরাস্তা মোড়ে লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে ডাহুক নদীতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়। পুলিশের পক্ষ থেকে মেশিন বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতির পর শ্রমিকরা কর্মসুচি স্থগিত করে। বিকেলে তারা আবারো লাঠিসোটা নিয়ে ভজনপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এ সময় উপজেলা নিবাহী কর্মকর্তা জাকির হোসেনও ড্রেজার দিয়ে পাথর উত্তোলন বন্ধ ও এর সঙ্গে জড়িতদের শাস্তির প্রতিশ্রুতি দেন।
শ্রমিক নেতা মুকু জানান, প্রশাসন প্রতিশ্রুতি রক্ষা না করলে বৃহত্তর আন্দোলন শুরু হবে।
