২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপটা চুক্তিতে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে বাংলাদেশ

আপটা চুক্তির আওতায় চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের নিটওয়্যার গার্মেন্টস, জামদানি এবং চামড়া শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর থেকে শুল্কমুক্ত সুবিধা কার্যকর হয়েছে।

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (আপটা) আওতায় চীন তাদের বাজারে বৈদ্যুতিক যন্ত্রপাতি, হিমায়িত মাছ, সাবান, প্লাস্টিকের তৈরি রান্নাঘর ও খাবার টেবিলের জিনিসপত্র, কাঁচা পাট এবং পাটজাত বস্তা ও থলের মতো বিভিন্ন পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দিয়েছে।

চীন তাদের বাজারে ফ্লোরকভার, ট্রাউজার, শার্ট, মহিলাদের ব্লাউজ, পাজামা, জ্যাকেট, জার্সি, পুলওভার এবং টি-শার্টের মতো নিটওয়ার পণ্যগুলোকে প্রায় ৪৫ টি ‘আইডেনটিফিকেশন কোড’ এর আওতায় শুল্কমুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে।

উল্লিখিত ৪৫ টি পণ্য উলের ও সিল্কের হলেই কেবল এ সুবিধা পাবে। এছাড়া ওভেন টেরি টাওয়েল ও টেরি ফ্যাব্রিক এবং হাতে বোনা কাপড়ও এ সুবিধার আওতায় থাকবে।

তবে সুতোয় বোনা কোনও কাপড় তাদের বাজারে প্রবেশের ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা দেয়নি চীন।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মো. ফজলুল হক বলেন, “সুতোয় বোনা কাপড়কে চীন শুল্কমুক্ত সুবিধা দিলে আমরা আরও বেশি লাভবান হতাম। চীনের প্রস্তুতকারকরা উল এবং হাতে তৈরি পণ্য উৎপাদনের ক্ষেত্রে বেশ দক্ষ।”

তিনি বলেন, “এতে করে প্রকৃত অর্থে কোনও সুবিধাই নিশ্চিত হয়নি। এর মাধ্যমে স্থানীয় উৎপাদনকারীরা তেমন একটা লাভবান হবে না।”

আপটা চুক্তির আওতায় ভারত বাংলাদেশের জামদানি শাড়ি, জামদানি কামিজ ও দোপাট্টাকে তাদের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার বাংলাদেশের চামড়াকে তাদের দেশে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দিয়েছে। এছাড়া বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের হাতমোজা দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে।

দক্ষিণ কোরিয়া কোট, জ্যাকেট, ব্লেজার, প্যান্ট, ট্রাউজার, স্কার্টসহ ২৭ টি আইডেনটিফিকেশন কোডের আওতায় শুল্কমুক্ত সুবিধা দিয়েছে।

বর্ধিত শুল্কমুক্ত সুবিধার ফলে লাভবান হওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মীর সাহাবুদ্দিন মোহাম্মদ।

তিনি বলেন, “আমরা অত্যন্ত আশাবাদী। এটি আমাদের জন্য একটি বড় সুযোগ।”

রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান বলেন, শুল্কমুক্ত প্রবেশের এই সুবিধা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনকে উৎসাহিত করবে এবং স্থানীয় পণ্যের এসব বাজারে প্রবেশের ক্ষেত্রে সহায়ক হবে।

তিনি বলেন, “উদ্যোক্তাদের উচিত এ সুযোগ কাজে লাগানোর জন্য আরও উদ্যোগ নেওয়া।”

‘ব্যাংকক চুক্তি’ হিসেবে পরিচিত আপটা ইউএন-এসকেপ (এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন) উদ্যোগ হিসেবে ১৯৭৫ সালে স্বাক্ষরিত হয়। এটি একটি অগ্রাধিকার ভিত্তিক শুল্ক চুক্তি। সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। গত বছরে চুক্তিটিকে ‘আপটা’ চুক্তি হিসেবে নতুন করে নামকরণ করা হয়।

আপটাভুক্ত দেশগুলো হচ্ছে বাংলাদেশ, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, লাওস এবং শ্রীলঙ্কা।