চট্টগ্রাম বন্দরকে অত্যাবশ্যকীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণার দাবি
চট্টগ্রাম বন্দরকে অত্যাবশ্যকীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা এবং রপ্তানিমুখী শিল্পের পণ্য আমদানি ও রপ্তানিতে নিয়োজিত যানবাহনকে সব ধরণের রাজনৈতিক কর্মকান্ডের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে দেশের সব রপ্তানিকারক সমিতি।
ঢাকার একটি হোটেলে শনিবার বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সব রপ্তানিকারক সমিতি নিয়ে সদ্য গঠিত এক্সপোর্টার্স অব বাংলাদেশ-এর আহবায়ক বিজিএমইএ সভাপতি এস এম ফজলুল হক এ দাবি জানান।
তিনি নির্বাচনী ইশতেহারে চট্টগ্রাম বন্দরকে অত্যাবশ্যকীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, “এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আগামী কয়েকদিনের মধ্যে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ, চারদল ও ১৪ দলের নেতাদের সঙ্গে দেখা করব।”
তিনি বলেন, “দেশের অর্থনীতিকে সচল রাখতে রপ্তানিযোগ্য পণ্যকে সময়মত জাহাজীকরণ করার সুযোগ দিতে হবে, যাতে বিদেশী ক্রেতারা সংশয় ছাড়াই অর্ডার দিতে পারে।”
ফজলুল হক বলেন, “সংবাদ মাধ্যম ও দমকল বাহিনীসহ বেশ কিছু প্রতিষ্ঠানকে অবরোধ ও হরতালসহ সব রাজনৈতিক কর্মকান্ডের আওতার বাইরে রাখা হয়েছে। আমরা চাই রপ্তানিমুখী শিল্পের পণ্য পরিবহন ও চট্টগ্রাম বন্দরকেও আওতামুক্ত রাখা হোক। জাতীয় স্বার্থে রেহাই দেওয়া হ্কো এই খাতটিকে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি আব্দুল আওয়াল, বাংলাদেশ হিমায়িত খাদ্য সমিতি সভাপতি মাকসুদুর রহমান, বাংলাদেশ করোগেটেড কার্টুন অ্যান্ড অ্যাক্সেসরিজ প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি সভাপতি শফিউল¬াহ চৌধুরী, বাংলাদেশ টেরি টাওয়াল অ্যান্ড লিনিয়ার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি সভাপতি খন্দকার বদরুল হাসান, বাংলাদেশ জুয়েলারি প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সহ সভাপতি খন্দকার তরিকুল ইসলাম।
রপ্তানীমুখী শিল্প কারখানার প্রাপ্য নগদ অর্থ সহায়তা দ্রুত ছাড় করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দাবি জানিয়ে রপ্তানিকারকরা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বেশ কিছু রপ্তানিমূখী শিল্প প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হয়েছে। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আরো কয়েকটির। এর সব দায়-দ্বায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
মাকসুদুুর রহমান বলেন,“দ্রুত নগদ সহায়তা দেওয়া হলে আমরা আমাদের শ্রমিকদের বেতন প্রদানসহ গত এক মাসের দূরাবস্থা খানিকটা লাঘব করতে পারবো।”
তিনি বলেন, নগদ সহায়তার অংক চলতি বছরে এক হাজার কোটি টাকা হলেও বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৫০০ কোটি টাকা। এ ধরণের অসম বাজেট তৈরির জন্য তিনি গত সরকার ও বাজেট প্রক্রিয়াকে দায়ী করেন।
বিজিএমইএ সাবেক সভাপতি রেদওয়ান আহমেদের নেতৃত্বে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে একটি সংগঠনের অস্তিত্বের কথা শফিউল¬াহ চৌধুরী স্বীকার করে বলেন, বর্তমানে সংগঠনটি স্থবির হয়ে পড়েছে। তাই আমরা নতুন সংগঠন তৈরি করেছি।
রপ্তানিকারকরা দাবি করেন, “রাজনীতিবিদদের নিজেস্ব কর্মসূচি অবশ্যই থাকবে। কিন্তু অর্থনৈতিক কর্মকান্ডের দিক-নির্দেশনাও থাকতে হবে।”
ভবিষ্যতে বিভিন্ন ইস্যুতে এই সংগঠনের মাধ্যমে রপ্তানিকারকরা তাদের ঐক্যবদ্ধ অবস্থান ঘোষনা করবেন বলে তারা জানান।
