চট্টগ্রাম বন্দরে কনটেইনারের বিশাল জট
অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর বন্দরে জাহাজ ও কনটেইনার জট প্রকট আকার ধারণ করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকেই বন্দরে পুরোদমে কাজ শুরু হলেও জাহাজ ও কনটেইনার জট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে আরো দুই সপ্তাহের বেশি সময় লেগে যাবে।
এদিকে সবচেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং, শিপমেন্ট ও ডেলিভারি হয় যেখানে সেই সিসিটিও (চিটাগাং কন্টেইনার টার্মিনাল) গত নয়দিন ধরে অচল হয়ে আছে। প্রাইভেট অপারেটর সংক্রান্ত বিরোধের জের ধরে ডক শ্রমিকরা কাজে যোগদান থেকে বিরত থাকায় সিসিটির চারটি গ্যান্ট্রিক্রেন ঠাঁয় দাঁড়িয়ে আছে। যে কারণে সিসিটিতে বার্থিং নেওয়া দুটি কনটেইনার জাহাজেও কোনো কাজ হচ্ছে না।
বন্দরের ট্রাফিক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ইয়ার্ডগুলোতে শুক্রবার বিকেল পর্যন্ত ১৮ হাজার ৩ শ টিইইউস কনটেইনার স্তুপ হয়ে আছে। বার্থিং নেওয়া জাহাজগুলো থেকে আরো শত শত কনটেইনার আনলোড করা হচ্ছে। বর্তমানে জেটিতে ১৪টি এবং বহির্নোঙ্গরে ৬৫টি জাহাজ পণ্য খালাস ও বোঝাইয়ের অপেক্ষায় রয়েছে। তীব্র জটের কারণে এখন বন্দরে জাহাজের গড় অবস্থানকাল দাঁড়িয়েছে সাড়ে ৯ দিন।
অনেকের মতে, সিসিটি অচল থাকা বা অপারেশনে না যাওয়ার পেছনে সিটি মেয়র এবিএম মহীউদ্দিন চৌধুরীর হাত রয়েছে। তবে বন্দর কর্মকর্তারা এ ব্যাপারে মুখ খুলছেন না।
এ সম্পর্কে বন্দর কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, প্রাইভেট অপারেটর বাদ দিয়ে নিজস্ব অপারেটর দিয়ে সিসিটির গ্যান্ট্রিক্রেন অপারেট করার ব্যাপারে ডক শ্রমিক সিবিএ এর দাবি পূরণের প্রচেষ্টা চলছে। তবে এ নিয়ে আইনগত জটিলতাও রয়েছে।
ডক শ্রমিক সিবিএ সম্পাদক আবদুল আহাদ অবশ্য স্বীকার করেন যে, এ বিষয়টি সিটি মেয়র তদারকি করছেন। তিনি নির্দেশ না দিলে ডক শ্রমিকরা সিসিটিতে কাজে যোগ দেবে না।
