শেয়ার বাজার ছিল মিশ্র
প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ ছুটিতে যাওয়ার খবরের পরও অবরোধ তুলে নেওয়ানর ঘোষণা না আসায় বৃহস্পতিবার সন্দেহের দোলাচলে থাকা ঢাকা ও চট্টগ্রামের শেয়ার বাজারের অবস্থা ছিল ভালো-মন্দে মেশানো।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান জানান, “রাজনৈতিক সঙ্কট কেটে যাবে কিনা তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ থাকায় শেয়ার বাজার ছিল মিশ্র। প্রথম দিকে তারা উৎসাহ নিয়ে শুরু করলেও পরে দমে যান।”
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার বাজারে বৃহস্পতিবার সার্বিক শেয়ারসূচক আগের দিনের তুলনায় এক দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ কমে এক হাজার ২৯৬ দশমিক ২০ এ দাঁড়ায়। বুধবার এর পরিমাণ ছিল এক হাজার ২৯৭ দশমিক ৭৮।
তবে সাধারণ সূচক এক দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ বেড়ে এক হাজার ৫৬০ দশমিক শূন্য তিন এ গিয়ে দাঁড়ায়।
ভালো মানের ডিএসই-২০ শেয়ারের সূচক এক দশমিক ৮৯ বা দশমিক ১৩ শতাংশ কমে এক হাজার ৩৫২ দশমিক আট এ দাঁড়ায়। বুধবার তা ছিল এক হাজার ৩৫৩ দশমিক ৯৭।
এসএআর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরিফ আতাউর রহমান বলেন, “আমরা আশা করছি রাজনৈতিক অচলাবস্থার নিরসন হতে যাচ্ছে।”
বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩১ কোটি ৩০ লাখ টাকা। আগের দিনের লেনদেন ছিল ৪৩ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা।
লেনদেনকৃত মোট ১৯১টি শেয়ারের মধ্যে ৭২টির দাম বাড়ে, দাম কমে ৮৮টির এবং ৩১টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মন্দাভাব দেখা গেছে। সিএসসির বৃহস্পতিবার সার্বিক সূচক দশমিক শূন্য সাত শতাংশ কমে তিন হাজার ৬৮১ দশমিক ১০ এ নেমে আসে।
তবে ভালো মানের সিএসই-৩০ শেয়ারসূচক দশমিক ২০ শতাংশ ও বাছাইকৃত শেয়ারসূচক দশমিক ১৮ শতাংশ বাড়ে।
মোট লেনদেন হওয়া শেয়ারের মধ্যে সিএসই শেয়ার বাজারে দাম বাড়ে ২৯টির, দাম কমে ৪০টির এবং দাম অপরিবর্তিত ছিল নয়টি শেয়ারের।
ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল পিজিসিবি, সিটি ব্যাংক, ডেসকো, বেক্সটেক্স ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার।
পিজিসিবির মোট দুই লাখ ৪৫ হাজার ৮৫০টি শেয়ার মোট পাঁচ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়। সিটি ব্যাংকের ৪৩ হাজার ২৭০টি শেয়ার দুই কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকায় লেনদেন হয়েছে।
পিজিসিবি, সিটি ব্যাংক, ডেসকো ও সাউথইস্ট ব্যাংকের শেয়ার দাম যথাক্রমে দুই দশমিক ছয় শতাংশ, চার দশমিক শূন্য নয় শতাংশ, দশমিক ৯১ শতাংশ ও এক দশমিক ৯৫ শতাংশ বাড়ে।
এছাড়া শেয়ার লেনদেনের দিক থেকে টিউলিপ ডেইরি, পিপলস ইন্সুরেন্স এবং সাইন পুকুরের শেয়ার বৃহস্পতিবার এগিয়ে ছিল।
ধারণার চেয়ে কম ডিভিডেন্ডের ঘোষণা দেওয়ায় লোকসানের দিক থেকে শীর্ষে ছিল আনোয়ার গ্যালভানাইজিং। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল ফার্মাকো ও মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড।
