২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওভেন পোশাক খাতে রপ্তানি আয় ২৫ শতাংশ বৃদ্ধি

কোটামুক্ত হওয়ার পর সেপ্টেম্বর পর্যন্ত গত এক বছরে ওভেন পোশাক খাতে রপ্তানি আয় বেড়েছে ২৫ শতাংশ। যদিও ২০০৫ সালের প্রথম নয় মাসে এ খাতে রপ্তানি আয় ৬ শতাংশ হ্রাস পেয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক জামান, নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 04:38 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপাত্ত অনুসারে, ২০০৫ সালের অক্টোবর থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ওভেন পোশাক খাতে রপ্তানি আয় ৪৩৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে দাঁড়িয়েছে । এতে পুর্ববর্তী এক বছরের তুলনায় এই প্রবৃদ্ধির হার ২৫ শতাংশে দাঁড়ায় ।

ইপিবি সূত্র জানায়, ২০০৫ সালের শুরু থেকে ক্রমাগত ওঠা-নামা সত্ত্বেও গত ২৫ বছরে রপ্তানি আয়ে এতটা প্রবৃদ্ধি আর কখনো অর্জিত হয়নি।

২০০৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এই নয় মাসে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ছয় শতাংশ অর্থাৎ ১৭ কোটি ডলার হ্রাস পায়। ২০০৫ সালের আগে আইএমএফ-বিশ্বব্যাংকসহ দেশীয় গবেষনা প্রতিষ্ঠানগুলো কোটামুক্ত হওয়ার পর দেশের ওভেন রপ্তানি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে বলে আশংকা প্রকাশ করেছিল।

ইপিবি পরিসংখ্যান বিভাগের এক কর্মকতা জানান, চীনের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোটা আরোপের ফলে ওভেন ও নিট, উভয় খাতে রপ্তানি আয় গত বছরের অক্টোবর থেকে ক্রমাগত উচ্চ হারে বেড়েছে।

উচ্চ হারে ওঠা-নামার কারণে রপ্তানিতে এখনো অস্থিতিশীলতা বজায় রয়েছে বলে উলে¬খ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন কোন দেশের ওপর কোটা আরোপ না করলে আগামী কয়েক মাসের মধ্যে সামগ্রিকভাবে রপ্তানিতে স্থিতিশীলতা ফিরে আসবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষনা পরিচালক মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, গত বছর যুক্তরাষ্ট্রসহ বিশ্ব বাজারে সুলভ মূল্যের ওভেন পণ্যের চাহিদা বাড়ার পাশাপাশি দেশের রপ্তানিকারকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ফলে বেশি পরিমানে ওভেন পোশাক রপ্তানি করা সম্ভব হচ্ছে। প্রতিযোগিতার সামর্থও বৃদ্ধি পেয়েছে রপ্তানিকারকদের।

২০০৮ সালের পর আবারও তৈরি পোশাক খাতে নতুন করে সংকট দেখা দিতে পারে বলে আশংকা প্রকাশ করে তিনি বলেন, নতুন করে কোটা আরোপের কারণে চীনের উৎপাদকরা উচ্চ মূল্যের ওভেন পোশাক তৈরির ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেছে। আর দেশের পোশাক রপ্তানিকারকরা এই সুযোগ কাজে লাগিয়ে সুলভ মূল্যের পোশাকের বাজার ধরতে সক্ষম হয়েছে। ২০০৮ সালে চীনের ওপর আরোপিত কোটা উঠে যাবে।

ইপিবির হিসেব অনুসারে, ২০০৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিটওয়ার রপ্তানি আয় সাড়ে ২২ শতাংশ হারে বাড়লেও অক্টোবর থেকে ২০০৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধির হার ছিল ৪০ শতাংশ। গত বছরের অক্টোবর থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত নিটওয়্যার খাতে রপ্তানি আয় বেড়ে ৪১৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলারে দাঁড়িয়েছে ।

২০০৫ সালের শুরুতে কোটা তুলে নেওয়ায় নিট পণ্যের রপ্তানি বিশ্বের সব বাজারে বেড়েছে। ফলে প্রথমবারের মত চলতি অর্থবছর নিট পন্য প্রধান রপ্তানি পণ্য হিসেবে আবির্ভূত হয়েছে।